আন্তর্জাতিক কল : চারজনের বিরুদ্ধে ৮০০ কোটি টাকা পাচারের অভিযোগপত্র

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আর্ন্তজাতিক ইনকামিং ও আউটগোয়িং ফোন কল সেবার মাধ্যমে প্রায় ৮০০ কোটি পাচারের অভিযোগে করা দুই মামলায় দুটি গেটওয়ে প্রতিষ্ঠানের চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। গতকাল রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, শিগগিরই এই অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করা হবে। খবর বিডিনিউজের।

একটি অভিযোগপত্রে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা যা ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলারের সমপরিমাণ, বিদেশে পাচার করেছেন তারা। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এ মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনিই মামলাটি তদন্ত করেন। অন্য অভিযোগপত্রে আসামি করা হয়েছে আরেক আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামানকে। তাদের বিরুদ্ধেও একইভাবে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা, যা ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলারের সমপরিমাণ, বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালের ১ ডিসেম্বর দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ মামলাটি দায়ের করেন। পরে তিনি নিজেই মামলা তদন্ত করেন।

আসামিদের বিরুদ্ধে যথাক্রমে সম্পত্তির বিষয়ে বিশ্বাস ভঙ্গ, অর্থপাচার সংশ্লিষ্ট দণ্ডবিধির ৪০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন–২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের সাজা
পরবর্তী নিবন্ধজমি অধিগ্রহণে ধীরগতি, বান্দরবানে পলিটেকনিক স্থাপনে অনিশ্চয়তা