আনোয়ারায় সড়ক দখল করে ঘর নির্মাণ, সওজের উচ্ছেদ অভিযান

আটক দুই

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাটে সড়ক দখল করে ঘর নির্মাণের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগের (সওজ) সড়ক দখল করে এসব ঘর নির্মাণ করা হয়। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সওজ। এর আগে, গত রবিবার রাতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় ছাদেক ও ফরিদ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। জানা যায়, গত এক সপ্তাহ ধরে তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাটে দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগের (সওজ) মালিকানাধীন সড়ক দখল করে এক ব্যক্তি রাতের আঁধারে ঘর তৈরি করার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা সওজ ও থানায় অভিযোগ করার পর গত রোববার সকালে সওজের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে সড়ক দখল করে ঘর নির্মাণ না করার নোটিশ প্রদান করার পরও রাতের আঁধারে ঘর নির্মাণ কাজ চলতে থাকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে। সওজের নির্বাহী প্রকৌশলী পিটু চাকমা বলেন, তৈলারদ্বীপ ফেরিঘাট এলাকায় সওজের সড়ক দখল করে স্থানীয় নাছির নামে এক ব্যক্তি ঘর নির্মাণের ঘটনায় সওজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে গত রবিবার তৈলারদ্বীপ ফেরিঘাট এলাকা থেকে সড়ক দখল করে ঘর নির্মাণের সময় ছাদেক ও ফরিদ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপায়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বিকে সংবর্ধনা