আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে আরমান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে তার বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় যুবক আরমান তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি খালি ঘরে নিয়ে যায়। ভেতরে নিয়ে দরজার খিল আটকে সে শিশুটির ওপর নির্যাতন চালায়। ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে বাইরে থাকা তার এক খেলার সাথী দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে আরমান দরজা খুলতে বাধ্য হলে ভুক্তভোগী শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। শিশুটির মা তাৎক্ষণিক বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয়রা ধাওয়া করে আরমানকে আটক করে এবং থানায় খবর দেয়।
নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, আমি আমার অবুঝ সন্তানের ওপর এই পাশবিক নির্যাতনকারী আরমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্যাতনের কারণে শিশুটির ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবক আরমানকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। ওসি আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।












