আনোয়ারায় খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে গবাদি পশু পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। খামারিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. করাবি বড়ুয়া। তিনি বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু পালন করলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারিরা অধিক লাভবান হতে পারেন। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণে গবাদি পশুর সঠিক পরিচর্যা, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান, উন্নত জাতের পশু উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি লাভজনক ও টেকসই খামার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট প্রশিক্ষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এআইএসপিএর মাহাফুজ কলি এবং চন্দনাইশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. জাহিদুল ইসলাম। তারা আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন এবং কৃত্রিম প্রজনন ব্যবস্থার সুফল সম্পর্কে খামারিদের অবহিত করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে এবং উৎপাদন ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ
পরবর্তী নিবন্ধকদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা