আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও শুরু হয়েছে বাংলাদেশের হার দিয়ে। আজ হারারে স্পোর্টস ক্লাবে দুপুর দেড়টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের আশা, বাঁচা মরার এই ম্যাচে ব্যাটাররা ছন্দে ফিরবেন। জিম্বাবুয়ে থেকে পাঠানো ভিডিও বার্তায় দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন আশরাফুল। তিনি বলেন, ‘আশা করি তারা ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তী দুই ম্যাচে ঘুরে দাঁড়াবে। আমরা যেমন পারফরম্যান্স করছি, তা আমাদের প্রত্যাশার বাইরে। আমি নিশ্চিত যে পরবর্তী দুই ওয়ানডে এবং তিন টিটোয়েন্টিতে আমাদের ব্যাটসম্যানরা গত ৬ মাসের মতো ভালো পারফরম্যান্স করবে।’ প্রথম ওয়ানডেতে ব্যাটারদের কিছুটা দুর্ভাগাও বলছেন আশরাফুল, ‘গত ওয়ানডে ম্যাচে যারা দ্রুত আউট হয়েছেন তারা কিছুটা দুর্ভাগা ছিলেন, কারণ তাদের শটগুলো সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। বাংলাদেশে বাউন্ডারির আকার সাধারণত ৬০৬৫ মিটার হয়, কিন্তু এখানে বাউন্ডারি প্রায় ৭৫৭৩ মিটার। এই জায়গাতেই আমাদের মানিয়ে নিতে সমস্যা হয়েছে, আর এখানে বাউন্সও কিছুটা বেশি। গত ৭ মাস বাংলাদেশে ভালো উইকেটে খেলার চেষ্টা করেছি এবং ভালো খেলেছি, কিন্তু এখানকার কন্ডিশনে বাউন্স একটু বেশি।’ তিনি আরও বলেন, ‘এখানকার কন্ডিশনে ব্যাটিং করা মোটেও সহজ নয়। জিম্বাবুয়ের ফাস্ট বোলাররা বেশ মানসম্মত। চারজন বোলারই সঠিক লাইনলেংথে বল করছেন এবং উচ্চতার কারণে বাড়তি বাউন্স পাচ্ছেন। আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব।’ আশরাফুল বলেন, ‘এখানকার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশে এখন প্রচণ্ড গরম, কিন্তু এখানে বেশ ঠান্ডা। উইকেটে বাড়তি বাউন্স এবং গতি আছে। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং অনুশীলনও ভালো হচ্ছে, তবে ম্যাচে সেটির প্রতিফলন ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধমেসির পেনাল্টি দুর্বলতা
পরবর্তী নিবন্ধকলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড