আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস

চট্রগ্রামে ব্যাপক কর্মসূচি

আজাদী ডেস্ক | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদী স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। শুরু হয় নতুন অভিযাত্রা। এ দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলের দিকে রওনা হন।

উত্তরার দিকে ঢাকার প্রবেশমুখে তখন হাজারো মানুষ রাস্তায়। হঠাৎ শোনা গেল সেই খবরটি, ‘শেখ হাসিনা পালিয়েছে’। এরপর মুক্তির আনন্দে পথে পথে বাঁধভাঙা উল্লাস। গণভবন, সংসদ ভবন আর ওই চত্বরে থাকা সরকারি বাংলোগুলোতে লাখো মানুষের ভিড়। এদিন বাঁধভাঙা উল্লাস হয়েছে চট্টগ্রামেও। পথে পথে হয়েছে মিষ্টি বিতরণ।

সংঘাত আর রক্তপাতের মধ্যে জুলাই পেরিয়ে আন্দোলন প্রবেশ করে আগস্টে। তবে আন্দোলনকারীরা বলে ওঠেন, তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। তারা গুনতে থাকেন ৩১ জুলাই, ৩২ জুলাই। হাজারো মৃত্যু আর রক্ত পেরিয়ে অবশেষে জুলাই মাস শেষ হয় ‘৩৬ দিনে’।

১৬ বছর ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। নতুন বাংলাদেশে শুরু হয় এক নতুন ভোর। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মহান জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ ও প্রত্যাশার বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, আসুন, মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখীসমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলি। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশাআকাঙ্ক্ষা বাস্তবায়নে একযোগে কাজ করি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া গতকাল এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট, এই দিনে দেশের বীর ছাত্রজনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। রাহুমুক্ত হয় বাংলাদেশ। বীর ছাত্রজনতার রক্তস্নাত এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে।

চট্টগ্রামে নানা কর্মসূচি :

ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি গ্রহণ করেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন :

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার সকাল ১০টায় নিউ মার্কেট এলাকাস্থ রেলওয়ে স্টেশনের কম্পাউন্ডে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে স্মৃতিস্তম্ভে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংলগ্ন সড়কের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছেদিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জীবিত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা। এছাড়া শহিদদের আত্মত্যাগ সম্পর্কে তরুণদের পরিচয় করানোর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অথবা উপযোগী কর্মসূচি গ্রহণ, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রর্দশন, হাসপাতাল জেলখানা এতিমখানা শিশু পরিবার পথশিশু পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন, ডিসি পার্ক শিশু পার্ক জাদুঘর ও চিড়িয়াখানাসহ সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান সকালসন্ধ্যা শিশুদের জন্য উন্মুক্ত রাখা, বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাকরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জুলাই স্মৃতিস্তম্ভসমূহে আলোকসজ্জা করা হবে। পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙ্গিন নিশান দ্বারা সজ্জিত করা হবে।

১১ দলীয় ঐক্য :

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ বুধবার ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় নগরীর লালদীঘি ময়দান সংলগ্ন জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি থাকবেন শাহজাহান চৌধুরী এমপি। এছাড়াও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে গণমিছিল নগরীর নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হবে।

আইআইইউসি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা, প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, গান ও আবৃত্তির মাধ্যমে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান আলোচক থাকবেন দেশবরেণ্য কবি ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

পূর্ববর্তী নিবন্ধজনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে ‘ভয়াবহ মাত্রার’ মার্কারি পেয়েছে বিএসটিআই