চট্টগ্রাম–১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, সরকার যুবসমাজকে কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। বর্তমানে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানায় অর্ধ লক্ষের কাছাকাছি লোকের কর্ম সংস্থান হয়েছে।
আগামী কয়েক বছরের মধ্যে চায়না ইকোনোমিক জোন ও কোরিয়ান ইপিজেডে আরো এক লক্ষের বেশী লোকের কর্ম সংস্থান সৃষ্টি হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর চলতি বছরের জুলাই মাসে চায়না ইকোনোমিক জোনের নির্মান কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই শিল্প জোন ১৮ মাসের মধ্যে চালু করার ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যেন এলাকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরী করে তাদেরকে ঋণ সুবিধা সহ সব ধরনের সহযোগিতা প্রদান করে।
তিনি গতকাল রোববার উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুবদিবসের আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিন উদ্দীনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।
বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুনায়েত চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী, শফিউল আলম জকু, মো.হুমায়ুন কবির চৌধুরী আনচার, মোজাম্মেল হক, আকতার নবী চৌধুরী, আবুল কালাম আবু, সাইফুল ইসলাম, নুরুল আবছার চৌধুরী, ইকবাল হায়দার চৌধুরী,রফিকুল ইসলাম খোকা, নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ। সভা শেষে একটি র্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে।











