আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের জন্য অ্যাডভান্সড ফটোগ্রাফি বিষয়ক দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, (অব.) এবং জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ফটোগ্রাফি শুধু একটি শখ বা শিল্পচর্চার মাধ্যম নয়, বরং এটি যোগাযোগ, তথ্য উপস্থাপন এবং সৃজনশীল অভিব্যক্তির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নান্দনিক বোধের চর্চা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ১৯ মে আইআইইউসি জনসংযোগ ইউনিটের উদ্যোগে ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের জন্য অ্যাডভান্সড ফটোগ্রাফি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ক্যামেরা পরিচালনা, কম্পোজিশন, লাইটিং, স্টোরিটেলিং, ইভেন্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











