আইআইইউসি বুরাক ১.০ মার্স রোভার টিমের সেমিনার

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আইআইইউসির বুরাক ১.০ মার্স রোভার টিমের উদ্যোগে ‘বিয়ন্ড দ্য রোভার : ফ্রম কনসেপ্ট টু ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল একটি রোভার প্রকল্পের ধারণা ও নকশা থেকে নির্মাণ, নিয়ন্ত্রণ, সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়া। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস– চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মোহাম্মদ শামসুল আলম এবং সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর প্রকৌশলী মো. রাজু আহমেদ। প্রধান অতিথি বলেন, ‘প্রযুক্তির জ্ঞান মানবকল্যাণে ব্যবহার করতে হবে। প্রযুক্তির অগ্রগতি যেন শুধু উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।’ স্বাগত বক্তব্য রাখেন মার্স রোভার টিমের টিম লিড মুহাম্মদ শরাফাত রশিদ (ইটিই)। উদ্বোধনী বক্তব্য রাখেন বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ও রোভার টিমের অ্যাডভাইসর মোহাম্মদ আবদুল কাদের। মূল সেশন পরিচালনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মঙ্গলতরী টিম। আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতায় অংশগ্রহণের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে টিমটি মার্স রোভার নির্মাণ ও পরিচালনা, প্রকল্প পরিকল্পনা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেন।

এরপর অনুষ্ঠিত হয় একটি ইন্টার‌্যাক্টিভ প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষার্থীরা রোভার প্রযুক্তি, প্রজেক্ট উন্নয়ন, দল পরিচালনা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষার্থীরা রোভার প্রজক্টের বিভিন্ন প্রযুক্তিগত সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পান। সমাপনী বক্তব্য রাখেন বুরাক ১.০ রোবার টিমের চিফ অ্যাডভাইসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। আয়োজকেরা জানান, বুরাক ১.০ প্রজেক্টকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের পৃষ্ঠপোষকতা ও অংশীদারত্ব প্রত্যাশা করছে আইআইইউসি বুরাক ১.০ মার্স রোভার দল। প্রযুক্তি, উপকরণ, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার পাশাপাশি দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ উদ্যোগকে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের উপযোগী করে তোলা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএ ফান ফেয়ার উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচাঁন্দ মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান