বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড মীরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের তৃতীয় কারখানার অবকাঠামো নির্মাণের জন্য অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন (এবিসি)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটির আওতায় কাঁচামাল সংরক্ষণের বাল্ক ওয়্যারহাউস, ইউটিলিটি বিল্ডিং এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হবে। গত ৯ আগস্ট ঢাকার উত্তরায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সদর দপ্তরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য এই কারখানাটি বার্জারের উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে সহায়তা করবে এবং দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পটি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সমপ্রসারণে অবদান রাখবে। আধুনিক শিল্প অবকাঠামো ও কৌশলগত অবস্থানের কারণে মীরসরাই এর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠছে, যেখানে বার্জারের এই বিনিয়োগ স্থানীয় শিল্পায়নকে আরও ত্বরান্বিত করবে।
এ প্রসঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তৃতীয় কারখানা প্রকল্পের নির্মাণে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশনকে অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই উদ্যোগ বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, কার্যক্রমের উৎকর্ষতা এবং উদ্ভাবনের প্রতি বার্জারের অঙ্গীকারেরই প্রতিফলন।
অন্যদিকে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশনের (এবিসি) পক্ষ থেকে বলা হয়, বার্জার পেইন্টস বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। শিল্প অবকাঠামো নির্মাণে আমাদের অভিজ্ঞতা সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।










