অরাজকতা না করলে সমাবেশের অনুমতি পেতে পারে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪২ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো ধরনের অরাজকতা করবে না প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মগবাজারে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কমিশনারের কাছে পারমিশন চাইলে কমিশনার যদি মনে করেন…. কমিশনারকে সন্তুষ্ট করতে পারেন, যে তারা অরাজক পরিস্থিতি তৈরি করবেন না, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবেন না, আমার মনে হয় কমিশনার পারমিশন দেবেন। খবর বিডিনিউজের।

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায়। সেজন্য ২১ অক্টোবর তারা ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে। এদিকে একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেদিন রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও।

সমাবেশের অনুমতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হলে এমনিতেই কিছু শর্ত থাকে। অরাজকতা না করার বিষয়টিও তার মধ্যে থাকে। তবে বিএনপিকে অনুমতির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ২৮ অক্টোবরের কর্মসূচির বিষয়ে করা প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, দিনটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আওয়ামী লীগ কখনও কোনো আন্দোলনকে বাধাগ্রস্ত করে না। বিএনপিকে জনগণ আবারও ভোট দিলে তারা ক্ষমতায় যাবে, দেশের শাসনভার নিবে তাতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা যদি জনগণের কাছে মাফ চেয়ে আবার ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারেন, আসবেন। সেখানে আমাদের কিছু বলার নাই। কিন্তু আপনারা অবস্থান করবেন, অচল করে দেবেন, আপনারা ভাঙচুর করবেন কিংবা ঢাকা অচল করে দেবেন। সেখানে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তাদের কর্তব্য তারা পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধদূষিত বায়ুর চাদরে মোড়া দিল্লি, আরও অবনতির আশঙ্কা
পরবর্তী নিবন্ধ৩০ অক্টোবর ঢাকায় জনসভার ঘোষণা ১৪ দলের