খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত ছোট পর্দার অভিনেতা তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিনেতার ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তার ছেলে তাছফিক। খবর বিডিনিউজের।
একই সঙ্গে বাবার চিকিৎসার জন্য সবার কাছে দোয়া, সহযোগিতা এবং আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। তাছফিক লিখেছেন, আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
বাবাকে সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের জন্য সহযোগিতা এবং চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে তাছফিক লিখেছেন, আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যার যার পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন। অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন বুধবার গ্লিটজকে বলেছিলেন, তপনের অবস্থা ভালো না। চিকিৎসকরা বলেছেন, ক্যানসার চতুর্থ পর্যায়ে আছে। তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। ওজন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না।














