হার দিয়ে এএফসি অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ দল। গতকাল উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে উজবেকিস্তানের কাছে ২–০ গোলে এবং সিরিয়ার কাছে ৩–০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা তিন হারে অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। সতীর্থর পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মিডফিল্ডার ড্যানি মেইতে। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। বক্সের ভেতর ব্যাক ভলিতে দুর্দান্ত এক গোল করেন মিডফিল্ডার বিশাল যাদব। ৭৯ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারতের বদলি মিডফিল্ডার মোহাম্মদ আরবাশ। ফলে ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।












