অতিরিক্ত মূল্য আদায় : নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নগরীর খাতুনগঞ্জ, বক্সিরহাট, হালিশহর ও বন্দর এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। গতকালের এ অভিযানে অতিরিক্ত মূল্য আদায়সহ অনিয়মের দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, নগরীর খাতুনগঞ্জ বাজার ও বক্সিরহাট বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এবং সুব্রত হালদার। অভিযানে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলার মাধ্যমে ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এছাড়া নগরীর বড়পোল বাজার (হালিশহর) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। এ সময় মসলা পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৫টি মামলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে নগরীর বন্দর এলাকার ঈশান মিস্ত্রীর হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় তিনি মসলা পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৭টি মামলায় ৭ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসন আরও জানায়, ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ প্রতিপাদ্যে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমোহরা পানি শোধনাগার প্রকল্প নিয়ে বড় উদ্যোগ ওয়াসার
পরবর্তী নিবন্ধশাহজালালে তানজানিয়ার নাগরিকের পেটে ৮০ ক্যাপসুল, কোকেন সন্দেহ