সাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শিপনের, বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৩ অপরাহ্ণ

সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৪ বছর বয়সী শিপন মিয়া। হয়তো প্রতিদিনের মতোই সাইকেল চালিয়ে আবার বাড়ি ফিরবে, মা-বাবার কাছে ফিরে আসবে—এমনটাই ভেবেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই ফেরা আর হলো না। কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেছে কিশোর শিপনের। সন্তানের মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা-বাবা।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বক্সসংলগ্ন জেরিন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের সামনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শিপন।

নিহত শিপন মিয়া পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার কাকড়াবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো. রহিম মিয়া ও শিল্পী বেগমের ছেলে। পরিবারের সঙ্গে সে পতেঙ্গা থানার আরব আলীর চায়ের দোকানসংলগ্ন শফির বাড়িতে ভাড়া থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাইকেল চালিয়ে সিমেন্ট ক্রসিং এলাকা পার হচ্ছিল শিপন। এ সময় ঢাকা মেট্রো-ট ২৪-৭৭৯০ নম্বরের একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটি ও চালককে আটক করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী আটক