জাজিরায় সংঘর্ষে নিহত ২, সাত জেলায় বিজিবি মোতায়েন

আ.লীগের লকডাউন কর্মসূচি

আজাদী অনলাইন ডেস্ক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ ওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন আজ রোববার শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম সিপাহী যুবলীগের এবং নিজামউদ্দিন মৃধা আওয়ামী লীগের কর্মী। এ ছাড়া মাদারীপুরের রাজৈরে মহাসড়ক অবরোধ ও গোপালগঞ্জে যান চলাচল প্রায় বন্ধ থাকার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

১৯ নভেম্বর ঘোষিত দশ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার ও সোমবার লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজনৈতিক বন্দিদের মুক্তিসহ আট দফা দাবিতে এ কর্মসূচি চলছে।

রণক্ষেত্র জাজিরা
রোববার ভোরে শরীয়তপুরের জাজিরায় নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক সেখানে অবস্থান নেন। কর্মসূচি ঠেকাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগের রাত থেকেই ওই এলাকায় ছিলেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ হয়। গুলির ঘটনাও ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী ও আওয়ামী লীগ কর্মী নিজামউদ্দিন মৃধা। ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। নিজামউদ্দিন মাদারীপুরের শিবচরের মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।

শরীয়তপুর সদর থানার ওসি শাহ আলম জানান, ইব্রাহিমের শরীরে একটি ছিদ্র দেখা গেছে, তবে সেটি গুলির চিহ্ন কি না নিশ্চিত নন তিনি। শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর ময়নাতদন্ত চলছে। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, নিজামউদ্দিন গুলিবিদ্ধ হয়েছিলেন এবং ঢাকায় নেওয়ার পথে মারা যান। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, অবরোধের সময় সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।

সংঘর্ষে বিএনপি নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজনের ভাষ্য, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। সেতুর সার্ভিস সড়কের পাশের একটি রেস্তোরাঁ ভাঙচুরের পর আগুন ধরানো হয়।

আজ ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায়। ছবি: সংগৃহীত

পুলিশ ও অন্যান্য বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে যান। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। জাজিরা থানার পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৯টার দিকে চলাচল শুরু হয়। পদ্মা সেতুতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শরিয়তপুরের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও যোগ দেন বলে জানা গেছে। পুলিশ টিয়ারশেল ছোড়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের রাজৈরে ভোর থেকে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। এতে বরিশাল-ঢাকা বাস চলাচল বন্ধ থাকে।

গোপালগঞ্জে সড়ক-মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে। জেলায় ৫৫ প্লাটুনের বেশি বিজিবি ও ২ হাজার ৩৫০-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম নগরে প্রভাব নেই, আনোয়ারায় ধাওয়া-পাল্টাধাওয়া
লকডাউনের প্রথম দিনে চট্টগ্রাম নগরে জনজীবনে প্রভাব পড়েনি। এ দিন নগরের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দেন। তবে গতকাল শনিবার আনোয়ারায় আওয়ামী লীগের মশাল মিছিল ঘিরে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের চার নেতাকে আটক করা হয়।

এক দিনে গ্রেপ্তার ৩৮৬, সাত জেলায় বিজিবি মোতায়েন
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার বলেছেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের হয়রানি, তিনজনকে কারাদণ্ড ও জরিমানা