সমকালের দর্পণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় : ফিরে দেখা মিয়ানমার

মেজর মোঃ এমদাদুল ইসলাম (অব.) | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

২০১৭ সালের শুরু হওয়া রাখাইন অঞ্চলের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চেয়ে ২০১৯ সালে দ্য হেগস্থ আন্তর্জাতিক অপরাধ আদালতে আফ্রিকার দেশ গাম্বিয়ার আবেদনের রায় হয়েছে ১৯ নভেম্বর ২০২৬। এ রায় বিশ্বের ইতিহাসে একটি অন্যতম ঐতিহাসিক রায় হিসেবে বিবেচিত হবে। এর কারণ, আন্তর্জাতিক অপরাধ আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। আদালত তার পর্যবেক্ষণে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলোকে বিচারের জন্য সামনে এনেছে : ক। মিয়ানমার তার সামরিক বাহিনীকে গণহত্যা সংঘটিত করা থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছে। খ। পরবর্তীতে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায়ও আনেনি।

এই প্রেক্ষাপটে রায়ে বিচারালয় দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। এর একটি হলো মিয়ানমারের রাখাইন স্টেটে মিয়ানমার সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে, দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দান। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গাদের ওপর পরিচালিত নৃশংস নির্মমতার চিত্রও সামনে নিয়ে আসে, যার মধ্যে

রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঘৃণা ছড়ানো, মানবাধিকার লঙ্ঘন। নারীদের ওপর পাশবিক নির্যাতন। নির্বিচারে শিশুদেরও হত্যাকাণ্ডের শিকারে পরিণত করা। রোহিঙ্গাদের স্বীয় বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ। রোহিঙ্গাদের বাড়িঘর ধ্বংস, অগ্নিসংযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আদালত স্পষ্ট করেছে, তা হলো রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এই রায়ের সূত্র ধরে আমাদের দেশের অনেক গুণী–জ্ঞানীজন, এমনকি আমাদের পররাষ্ট্র মন্ত্রীও রায়ের পরদিন অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প কুতুপালংয়ে গিয়ে রোহিঙ্গাদের এক জনসভায় সগর্বে ঘোষণা করেন, ‘আন্তর্জাতিক আদালতের রায় মিয়ানমার মানতে বাধ্য’। আসলেই কি মিয়ানমার এই রায় মানতে বাধ্য? উত্তর হলো বাধ্য, আবার বাধ্য নয়ও। এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গাদের সামনে সঠিক তথ্যটি উপস্থাপন করেননি।

প্রফেসর ইউনূসও রোহিঙ্গাদের সামনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে ১৪ মার্চ ২০২৫ সালে একই ধরনের এক মিথ্যা আশ্বাসে বলেছিলেন, “আগামী ঈদ আপনারা আপনাদের বাড়িঘরে করবেন”। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিন রোহিঙ্গাদের সামনে এরকম একটি মিথ্যা আশ্বাস না দিয়ে বরং প্রফেসর ইউনূস যদি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প সফর না করে যারা এ সংকটের মূল কারণ মিয়ানমারের সেইসব জেনারেলদের সঙ্গে কার্যকর একটি বোঝাপড়া সৃষ্টির জন্য নেপিডো সফরের পরামর্শ দিতেন বা অনুরোধ করতেন, তবে সেটি হতো যুক্তিযুক্ত। সেটি করা হয়নি। ফলত রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যার যেখানে মূল, সেখানে পৌঁছাতে আমরা চেষ্টা করা থেকে নিজেদের সরিয়ে রেখেছি বা ব্যর্থ হয়েছি এবং লোকদেখানো জনসভায় মত্ত থেকেছি। ফলত রোহিঙ্গা সমস্যা যে তিমিরে, সে তিমিরেই রয়ে গেছে।

এরই পরিণতি আমরা দেখেছি ২০২৫ সালে ব্যাংকক থেকে আরেক ঘোষণায় তত্ত্বাবধায়ক সরকারের কর্তাব্যক্তিরা ঘোষণা দেন, মিয়ানমার অচিরেই ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) রোহিঙ্গাকে ফেরত নেবে। দেখা গেল, এর পরিবর্তে ১,১৩,০০০ (এক লক্ষ তেরো হাজার) রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, ২০১৯ সালে রোহিঙ্গা গণহত্যা–সংক্রান্ত বিচারের যে রায় ২০২৬ সালে হলো, তা মানতে মিয়ানমার কি বাধ্য? এক কথায় বাধ্য, আবার বাধ্য নয়ও। এর কারণ, আন্তর্জাতিক বিচারালয় রায় দেওয়ার মালিক। তাদের দেওয়া রায় কার্যকর করতে আন্তর্জাতিক বিচারালয়ের নিজস্ব কোনো ব্যবস্থা বা শক্তি নেই, যার মাধ্যমে তারা রায় কার্যকর করবেন। তাহলে রায় কার্যকরের উপায় কী? উপায় হলো এই রায় তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কার্যকর করার জন্য প্রেরণ করবেন। নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এই রায়ের পক্ষে মত দিলে তবে এ রায় কার্যকর করতে উদ্যোগ গ্রহণে কোনো বাধা আর থাকে না। কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য তথা ভেটোসম্পন্ন কোনো দেশ যদি দ্বিমত পোষণ করে ভেটো প্রয়োগ করে, তাহলে আন্তর্জাতিক বিচারালয়ের রায় তখন অকার্যকর হয়ে পড়ে বা রায় কার্যকর করা আর সম্ভব হয়ে ওঠে না।

এখন মিয়ানমারের ক্ষেত্রে দৃশ্যপট কেমন হতে পারে। এটি পর্যালোচনা করলে আমরা ১৯ নভেম্বরের রায়ের কার্যকর হওয়ার বা না হওয়ার একটি ধারণা পেতে পারি। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত জাতিসংঘে মিয়ানমারের বিপক্ষে অর্থাৎ আন্তর্জাতিক এ সংস্থায় যতগুলো প্রস্তাব পাস হয়েছে, সবগুলোই চীনের ভেটোর কারণে কার্যকর হতে পারেনি। চীনের পাশে ভেটোসম্পন্ন রাশিয়াও রয়েছে মিয়ানমারকে সহায়তা করতে। আমাদের মনে রাখতে হবে, চলতি বছরে মিয়ানমার এবং রাশিয়া দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এ অবস্থায় রাশিয়া কোন পক্ষে যাবে, সেটি সহজেই অনুমেয়।

আমেরিকা আন্তর্জাতিক বিচারালয়ের এই রায়ের প্রতি দারুণ স্পর্শকাতর। এর পেছনে গাজায় চলমান গণহত্যা, তাতে আমেরিকার অর্থ, অস্ত্রসহ সার্বিক মদদ দান, গাজা গণহত্যার ওপর দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক অপরাধ আদালতে আনা অভিযোগ, আফগানিস্তানে ২০ (বিশ) বছরের অন্যায় অমানবিক যুদ্ধ এবং পরিচালিত গণহত্যা, ইরাক যুদ্ধে হাজারো নিরপরাধ নারী–শিশু হত্যা, তারও আগের ভিয়েতনাম যুদ্ধের ভর করে থাকা অপরাধবোধ, সামপ্রতিকের অন্যায়–অকারণ ইরান যুদ্ধে নিরপরাধ নিষ্পাপ স্কুলছাত্রীদের হত্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বেসামরিক স্থাপনাসমূহ ধ্বংস করা সবকিছু মিলিয়ে আমেরিকাও এই রায়ে নিজের বিপদের গন্ধ খুঁজে পাবে। ফলশ্রুতিতে এ রায় কার্যকরে আমেরিকা জোরালো তেমন কোনো ভূমিকা নেবে, তা আশা করা বাতুলতা মাত্র।

এরই প্রতিফলন আমরা দেখছি অতি সমপ্রতি সেনজেনে বিশ্বের তিন শক্তিধর দেশ চীন, রাশিয়া আর আমেরিকার ঘোষিত বিশ্বশান্তির ৪ (চার) টি রূপরেখার ৩ (তিন) নম্বরে। এখানে উল্লেখ করা হয়েছে–

“The three heads of state recognized that the principle of state consent and respect for immunities of State officials are of paramount importance, and concurred that the International Criminal Court, and other similar institutions must not abuse their jurisdiction.”

এ ঘোষণার মর্মার্থ হলো, রাষ্ট্রের কর্মকর্তারা সবকিছুর ঊর্ধ্বে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার অধিকারী। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত বা একই ধরনের প্রতিষ্ঠানসমূহ যেন তাদের দেওয়া কর্তৃত্বের অপব্যবহার না করে। এখানে পরাশক্তিসমূহের অপরাধ গ্রাহ্য করার ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতসমূহকে রাখঢাক না করেই বার্তা দেওয়া হয়েছে।

উপরে বর্ণিত সবকিছু বিবেচনায় নিলে রোহিঙ্গাদের বিষয়ে পাঠক নিশ্চয়ই অনেকটা হতাশাগ্রস্ত হতে পারেন। প্রশ্নও জাগতে পারে মনে, তাহলে আন্তর্জাতিক বিচারালয়ের এই রায়ের কি কোনো মূল্যই নেই? আছে।

প্রথমত, এ রায় রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক, সে কথা আন্তর্জাতিক সর্বোচ্চ আদালত কর্তৃক স্বীকৃত হলো। দ্বিতীয়ত, গণহত্যাকারী হিসেবে মিয়ানমার রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত হলো। তৃতীয়ত, মিয়ানমারকে সহায়তা/সমর্থনকারীরা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে থাকবে। চতুর্থত, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই রায়কে ভিত্তি করে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা চালানোর একটি শক্ত ভিত্তি খুঁজে পাবে।

আরও আশার কথা, চলতি মাসে ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে সাখারভ শান্তি পুরস্কারে ভূষিত করেছে। পুরস্কার দেওয়ার পেছনে যুক্তি হিসেবে বাক্‌স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আইসিসির অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ্য, ইতিমধ্যে (আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় ঘোষণার পরপর) যুক্তরাজ্য মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং হ্লাইংসহ পাঁচ জেনারেলের সে দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্য মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকেও তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার রায়ে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আদেশ দিয়েছে। এবং বলা হয়েছে, এটি হতে হবে স্বপ্রণোদিত, স্বসম্মানে এবং নিরাপত্তার মাধ্যমে।

বর্তমানে রোহিঙ্গাদের মূল আবাস অঞ্চল উত্তর আরাকান তথা উত্তর রাখাইন অনেকটাই আরাকান আর্মির প্রভাবাধীন। এই অঞ্চলে মিয়ানমারের কর্তৃত্ব অনেকটা সীমিত। এমন এক জটিল অবস্থায় বাংলাদেশকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি মোকাবিলা করতে হবে। এটি সফলভাবে করতে হলে বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যাকে বহুপাক্ষিকতা করা থেকে সরে আসতে হবে। কারণ, চীন কখনো চাইবে না তার প্রতিবেশী এবং যেখানে তার ভূ–রাজনৈতিক, ভূ–অর্থনৈতিক স্বার্থ বিদ্যমান, সেখানে অন্য কোনো শক্তি সম্পৃক্ত হোক। এ প্রেক্ষাপটে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় একটি প্ল্যাটফর্ম তথা বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সম্পৃক্ততায় সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে। অন্যথায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি জটিল থেকে জটিলতরই হবে কেবল।

লেখক: প্রাবন্ধিক, কথাসাহিত্যিক; গণমাধ্যম ব্যক্তিত্ব, সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষক।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী
পরবর্তী নিবন্ধঅস্তিত্বের সংকটে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল