পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে স্বাধীন মূল্যায়ন কমিশন হওয়া দরকার

আঞ্চলিক সংলাপে অভিমত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ৩০ বছর পূর্তিতে চুক্তিটির পুনর্মূল্যায়ন, পরিমার্জন ও সংশোধনের সময় এসেছে বলে অভিমত প্রকাশ করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। চুক্তিতে পার্বত্য অঞ্চলের বাঙালিদের ‘অ–উপজাতি’ হিসেবে চিহ্নিত করার বিষয়টিকে মারাত্মক ত্রুটি উল্লেখ করে তিনি বলেন, আমরা বাঙালি জাতি। জাতির মধ্যে বিভিন্ন উপজাতি আছে। উপজাতি থেকে আমরা আবার অ–উপজাতি, মানে আমরা কোনো জাতিই না! পাহাড় শুধু চাকমা, মারমা বা ত্রিপুরাদের নয়; শত বছর ধরে বাঙালিরাও সেখানে বসবাস করছে। বাঙালিদেরকে একপাশে রেখে একটা পক্ষের সাথে চুক্তি করবেন, তাহলে তো এই চুক্তি কখনো কার্যকর হবে না এবং কখনো বাস্তবায়িত হবে না।

তিনি গতকাল শনিবার সকালে সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর উদ্যোগে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি : বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্যানেল আলোচক ছিলেন সিসিআরএসবিডি’র পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, এবি পার্টির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক ও গণঅধিকার পরিষদ চট্টগ্রাম

মহানগরের দপ্তর সম্পাদক সম্পাদক ইমন মোহাম্মদ। বক্তব্য রাখেন সিসিআরএসবিডি– এর পরিচালক নাজমুল ইসলাম চৌধুরী।

ড. মোহাম্মদ তৈয়ব বলেন, পাহাড়ে পাহাড়ি–বাঙালির মধ্যে চমৎকার সমপ্রীতি ছিল। ১৯৬২ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে ৫৪ হাজার একর জমি তলিয়ে যাওয়া এবং তৎকালীন পাকিস্তান সরকারের পর্যাপ্ত ক্ষতিপূরণ না দেওয়া থেকেই অসন্তোষের সূত্রপাত হয়। পরবর্তীতে নদীভাঙন কবলিত বাঙালিদের পুনর্বাসনের পর যথাযথ খাদ্য ও অর্থ সহায়তা না থাকায় উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও সংঘাত তীব্র হয়।

তিনি বলেন, পাহাড়িরা সারা দেশে যেকোনো জায়গায় জমি কিনতে করতে পারবে, বাঙালিরা গিয়ে পার্বত্য অঞ্চলে কোনো জমি ক্রয় করতে পারবে না– এটা কখনো হতে পারে না। এজন্য চুক্তিতে যেই ভুলত্রুটি আছে, সেগুলোর সমাধান না হলে এই চুক্তি ৫০ বছর পরেও এ রকম থাকবে।

তিনি বলেন, পাহাড়ও বাংলাদেশের ভূ–খণ্ড, আলাদা কোনো ভূ–খণ্ড না। সুতরাং বাংলাদেশে বাঙালিদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। পার্বত্য অঞ্চলে বাঙালিরা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অথচ জেলা পরিষদসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রতিনিধিত্বমূলক কাঠামোতে তাদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। জনসংখ্যার অনুপাত বিবেচনায় বাঙালিদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্বের ন্যায্য হিস্যা দিতে হবে। পার্বত্য অঞ্চলের যেকোনো নীতিনির্ধারণী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পাহাড়ি–বাঙালি সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অথচ গত ৩০ বছরে রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা ও সংলাপে দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষাবিদদের যুক্ত করার সুযোগ দেওয়া হয়নি।

শান্তি চুক্তি ‘কাগজের বাঘ’:

অধ্যাপক ড. মাহফুজ পারভেজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিকে ‘কাগজের বাঘ’ হিসেবে আখ্যায়িত করে এর স্বাধীন মূল্যায়ন কমিশন গঠনের দাবি জানান । তিনি বলেন, যদি আমরা দেখতে পাই এই শান্তি চুক্তি একটি কাগজের বাঘ হয়ে রয়েছে, তবে তা আর সহ্য করা সম্ভব নয়। ৩০ বছরে যথেষ্ট হয়েছে। চুক্তি কোনো ঐশ্বরিক বিষয় নয়; জনগণের আশা–আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে প্রয়োজনে এর পুনর্মূল্যায়ন, নবায়ন, নতুন ধারা সংযোজন কিংবা বাতিলের বিষয়েও দ্বিধা করা উচিত নয়।

তিনি বলেন, যে কোনো চুক্তির পেছনেই প্রধান শর্ত হলো জনগণের আকাঙ্ক্ষা। জনগণের আকাঙ্ক্ষা হলো শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন। সেটা যদি পার্বত্য শান্তি চুক্তি ৩০ বছরে করতে না পারে, তাহলে আমাদেরকে অবশ্যই এই চুক্তি নিয়ে, এই চুক্তির নবায়ন নিয়ে, এই চুক্তির পুনর্মূল্যায়ন নিয়ে, প্রয়োজনে তার নতুন ধারা, নতুন আরেকটি অংশ এবং এর আরো পরিধি বৃদ্ধি করার দিকে আমাদেরকে ভাবতে হবে। ৩০ বছর পেরিয়ে গেলেও চুক্তিটি পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি আনতে পারেনি; বরং একটি সশস্ত্র গোষ্ঠীর বদলে সেখানে সাতটি সন্ত্রাসী গ্রুপ তৈরি হয়ে অরাজকতা বাড়ছে। এই চুক্তি নিয়ে প্রতিটি নাগরিকের সওয়াল–জবাব করার অধিকার রয়েছে।

ড. মাহফুজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবে একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবে তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?’

তিনি বলেন, আমরা মনে করি শান্তি চুক্তির স্বাধীন মূল্যায়ন কমিশন হওয়া দরকার। স্থানীয় শাসন কাঠামোয় গণতান্ত্রিক ও নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তিতে পাহাড়ি–বাঙালি সকলের অংশগ্রহণের মাধ্যমে নতুন কাঠামোগত পরিস্থিতি তৈরি করতে হবে। বহুপাক্ষিক সংলাপ অব্যাহত রাখতে হবে। পাহাড়ের সকল জনজাতিকে আলোচনার টেবিলে আনতে হবে, কার কী বক্তব্য এবং ক্ষোভ আছে সেটা শুনতে হবে।

তিনি বলেন, ১৯৯৭ সালে একটি পক্ষের সঙ্গে চুক্তি হলেও বর্তমানে পাহাড়ে সাত–আটটি স্টেকহোল্ডার তৈরি হয়েছে। তাদের বাইরে রেখে একপক্ষীয় আলোচনায় স্থায়ী শান্তি আসবে না। তৃণমূল থেকে বহুপাক্ষিক, সর্বদলীয় ও সর্বগোত্রীয় আলোচনা শুরু করার পাশাপাশি স্থানীয় শাসন কাঠামোয় গণতান্ত্রিক ও নির্বাচনী ব্যবস্থা চালুর ওপর জোর দেন তিনি।

ড. শরিফ আশরাফুজ্জামান বলেন, চুক্তি বাতিল, পুনর্মূল্যায়ন না নতুন চুক্তি? চুক্তি বাতিল তো হবেই না। পুনর্মূল্যায়ন হতে পারে, সংশোধনী হতে পারে। নতুন চুক্তি করার কোনো অবকাশ নেই। একটা দেশের সংবিধান যখন প্রস্তুত হয় তারপরে সেটাকে সংশোধন করা হয়।

অধ্যাপক সরওয়ার জাহান বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় স্বায়ত্তশাসনের সুযোগ বজায় রেখেই রাষ্ট্রের একক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসনের কর্তৃত্ব এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক বিতর্কে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক, পরিষদ ও জেলা পরিষদ সংক্রান্ত আইন নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। ২০১০ সালে হাইকোর্ট বেঞ্চ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির আওতায় প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮–কে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে মোট ৭২টি ধারা বা বিধান এবং চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারের হিসাব এবং আঞ্চলিক পক্ষগুলোর মূল্যায়নের মধ্যে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে কেএসআরএমের আরও দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর
পরবর্তী নিবন্ধহাত-পা কাঁপা, চলাচলে ধীরগতি কেবল বার্ধক্যজনিত সমস্যা নয়