পার্বত্য চুক্তি শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে চুক্তির পক্ষগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না। আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে নাগরিক সংলাপের মাধ্যমে চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। যদি চুক্তির কার্যকারিতা না থাকে তাহলে প্রয়োজনে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পরিবর্তন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বাতিল করে জনগণের আশা—আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতার আলোকে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের আহ্বান জানান তারা। এসময় তারা চুক্তি বাস্তবায়নে স্বাধীন মূল্যায়ন কমিশন, স্থানীয় শাসনকাঠামোর কার্যকরীকরণ, ভূমি বিরোধ নিষ্পত্তি, বহুপক্ষীয় সংলাপ কাঠামো, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা এবং অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর উদ্যোগে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, বিভাগীয় প্রধান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সি.সি.আর.এস.বিডি। এছাড়াও প্যানেল আলোচক ছিলেন অধ্যাপক সরওয়ার জাহান, পরিচালক, সি.সি.আর.এস.বিডি, নাজমুল ইসলাম, পরিচালক, সি.সি.আর.এস.বিডি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, , অ্যাডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এবি পার্টি এবং ইমন মোহাম্মদ, দপ্তর সম্পাদক, গণঅধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব বলেন, পার্বত্য চট্টগ্রাম শুধু চাকমা, মারমা বা ত্রিপুরা জনগোষ্ঠীর আবাসভূমি নয়, সেখানে দীর্ঘদিন ধরে বাঙালিরাও বসবাস করছেন। তাই পার্বত্য অঞ্চলের যেকোনো নীতিনির্ধারণী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পাহাড়ি—বাঙালি সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অথচ গত ৩০ বছরে রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা ও সংলাপে দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষাবিদদের যুক্ত করার সুযোগ দেওয়া হয়নি। পার্বত্য অঞ্চলে বাঙালিরা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অথচ জেলা পরিষদসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রতিনিধিত্বমূলক কাঠামোতে তাঁদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। জনসংখ্যার অনুপাত বিবেচনায় বাঙালিদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্বের ন্যায্য হিস্যা দিতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা দেশের অন্যান্য স্থানে জমি কিনতে পারলেও বাঙালিদের পার্বত্য অঞ্চলে জমি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ ও অধিকার সংরক্ষণের পাশাপাশি বাঙালিদের নাগরিক অধিকারও সুরক্ষিত করতে হবে। এসব অসংগতি দূর করা না হলে আগামী ৫০ বছরেও চুক্তির সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না। যদি চুক্তিতে অসংগতি ও বাস্তবায়নে সমস্যা থাকে তাহলে প্রয়োজনে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পরিমার্জন, সংশোধন ও পরিবর্তন করতে হবে। আমরা চাই পার্বত্য চুক্তির শতভাগ সফলতা এবং সার্বজনীন কল্যাণ।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবে—একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবে—তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?’ পার্বত্য চট্টগ্রাম চুক্তির একজন স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিরও দায়িত্ব রয়েছে। শুধু সরকারকে দায়ী না করে চুক্তির বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পার্বত্য অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের একত্র করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী সেখানে গেলে আবার সামরিকীকরণের অভিযোগ তোলা হয়। তাঁর মতে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংঘাতের কারণগুলো দূর করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা রাষ্ট্রীয় নীতির বিষয়। এ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। চুক্তির পর যেসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মূল্যায়ন প্রয়োজন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বর্তমান চুক্তি পাহাড়ের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে এবং বিদ্যমান সংকট মোকাবিলায় কতটা কার্যকর, তা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ব্যক্তিবিশেষ বা কোনো নির্দিষ্ট নেতার মতামতের ভিত্তিতে নয়, পাহাড়ের সব জনগোষ্ঠী ও অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভূমি বিরোধসহ অন্যান্য সংকট বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধানের রূপরেখা তৈরি করতে হবে।
অধ্যাপক সরওয়ার জাহান বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় স্বায়ত্তশাসনের সুযোগ বজায় রেখেই রাষ্ট্রের একক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসনের কর্তৃত্ব এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক বিতর্কে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক, পরিষদ ও জেলা পরিষদ সংক্রান্ত আইন নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। ২০১০ সালে হাইকোর্ট বেঞ্চ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির আওতায় প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮—কে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে মোট ৭২টি ধারা বা বিধান এবং চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারের হিসাব এবং আঞ্চলিক পক্ষগুলোর মূল্যায়নের মধ্যে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেও পার্বত্য শান্তি চুক্তির উল্লেখযোগ্য কোন অগ্রগতি সাধিত হয়নি। আমরা চাই সমন্বয়ের মাধ্যমে সকলের সমান অধিকার নিশ্চিত হোক।
সভাপতির বক্তব্যে ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, দীর্ঘ ৩০ বছরে আমরা কি অর্জন করেছি এবং কতটুকু ব্যর্থ হয়েছি সব হিসাব করে পুনর্মূল্যায়ন করতে হবে। আশাকরি সরকার আজকের সংলাপে উপস্থাপিত বিভিন্ন সুপারিশমালা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।












