কারাফটকে প্রতিবন্ধী সন্তানকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শারমিন

আজাদী অনলাইন ডেস্ক | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১:৫৫ অপরাহ্ণ

কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী সন্তান নিস্বর্গ হোসেন তুর্য মারা গেছে। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আজ শনিবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়।

এর আগে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তুর্য মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমকে জানান, কারা কর্তৃপক্ষ তাঁকে বলেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত কোনো বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা আছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় কারাফটকে প্রায় দুই মিনিট মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। শিশুটির মরদেহ নিয়ে একটি ফ্রিজারবাহী গাড়ি কারা ফটকে আসে।

পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে বলে আইনজীবী জানিয়েছেন। স্বজনেরা বলেছেন, মুক্তি না পাওয়ায় কারাফটকেই তুর্যকে নেওয়া হয়। সেখানে মা তাকে শেষ বিদায় জানান।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, লালবাগ থানার একটি দল সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শারমিনকে শেখ সাহেব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কার্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন।

গ্রেপ্তারের পর শারমিনের একটি পুরোনো বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। ভিডিওতে তিনি সন্তানের অসুস্থতার কথা বলে মুক্তি চান।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মার্টিনে চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষতিগ্রস্ত শাখার একাংশ