কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবলে আবাহনী ও মোহামেডানের জয়

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

কেডি প্রভাতী বার্ষিক অভ্যন্তরীণ ফুটবলে প্রথম জয়ের দেখা পেয়েছে কে ডি আবাহনী ও কে ডি মোহামেডান। গতকাল শুক্রবার সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ২টি খেলায় কে ডি আবাহনী টাইব্রেকারে সাডেনডেথে ৩–২ গোলে কে ডি মুক্তিযোদ্ধা’কে এবং কে ডি মোহামেডান টাইব্রেকারে ২–১ গোলে কে ডি ব্রাদার্সকে পরাজিত করে। এ জয়ের ফলে কে ডি মোহামেডান ৩ খেলায় ৫ পয়েন্টে এককভাবে তালিকার শীর্ষে অবস্থান করছে। সমসংখ্যক খেলায় মুক্তিযোদ্ধা ৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে আবাহনী, ব্রাদার্স ও রাইজিং স্টার ২ খেলায় ৩ পয়েন্টে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। গতকাল নির্ধারিত সময়ের ২টি খেলাই গোলশূন্য ড্র ছিল। আবাহনী ও মুক্তিযোদ্ধা’র খেলায় দু–দল ৮টি করে টাইব্রেকারে শট নেয়। এতে আবাহনীর মিঠুন ২টি (সাডেনডেথ–সহ) ও বাদশা এবং মুক্তিযোদ্ধা’র জসিম ও ফরিদ গোল করেন। অন্যদিকে কে ডি মোহামেডানের পক্ষে টাইব্রেকারে নেপাল বড়ুয়া ও সঞ্জয় বড়ুয়া এবং ব্রাদার্সের পক্ষে নিউটন গোল করেন। খেলা শেষে সেরা খেলোয়াড় কে ডি মোহামেডানের নেপাল বড়ুয়া ও আবাহনীর মিঠুনের হাতে পুরস্কার তুলে দেন কেডি প্রভাতী ক্লাবের সিনিয়র উপদেষ্টা ডা.এ এ এম রাইহান উদ্দিন, সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পা, সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আমীর হোসেন ও সাধারণ সম্পাদক সুধীর দে। এ সময় সিনিয়র সহ–সভাপতি তাপস চক্রবর্ত্তী, সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আমীর হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ কবির, কোষাধ্যক্ষ জাবেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শনিবার সকাল ৬ টায় একমাত্র খেলায় কে ডি ব্রাদার্স ও কে ডি মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান-আবাহনীর হার
পরবর্তী নিবন্ধগোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন