চট্টগ্রামের আনোয়ারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছেন এক মাদক কারবারি। পরে ওই মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী বাজারসংলগ্ন একটি হোটেলের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসআরবি-৭ ও আনোয়ারা থানা-পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ওই এলাকায় অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একপর্যায়ে ধাওয়া খেয়ে এক মাদক কারবারি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা একের পর এক ইয়াবার প্যাকেট পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭, সিপিসি-৩ (চান্দগাঁও ক্যাম্প)-এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।












