হামাগুড়ি দিয়ে বাসায় ঢুকল চোর, ধরা পড়ল সিসি ক্যামেরায়

আজাদী অনলাইন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি সিজিএস কলোনির একটি বাসায় চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বাসাটি বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত এক সরকারি কর্মকর্তার। ফুটেজে দেখা যায়, হালকা রঙের জামা ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি বাসার ভেতরে হামাগুড়ি দিয়ে এগোচ্ছেন। পরে তাঁকে দাঁড়িয়ে হাঁটতে এবং একপর্যায়ে ক্যামেরার খুব কাছে আসতে দেখা যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে কয়েকটি ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায় চোর। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আজাদীকে বলেন, ঘটনায় সিজিএস কলোনি সোসাইটির সেক্রেটারি ডবলমুরিং থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে।

এর প্রায় এক ঘণ্টা পর একই এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) দপ্তরী হামিদুর রহমানের বাসায়ও একই কায়দায় চুরি হয়। রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঢুকে একটি দামি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায় চোর। পিআইডির ফটোকপি অপারেটর রেজাউল করিম ঘটনা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে হামিদুর রহমান ফোন করে তাঁকে চুরির কথা জানান।

প্রায় এক ঘণ্টার ব্যবধানে একই কায়দায় দুটি বাসায় চুরিতে কলোনির বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুটি ঘটনায় একই ব্যক্তি জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবোরখা পরে সীতাকুণ্ডে ইউরো গ্যাস কারখানা লুট