চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পকারখানায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বোরখা পরা ৬ জনের একটি সংঘবদ্ধ দল কারখানায় ঢুকে পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের তামার তার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা প্রায় দুই থেকে আড়াই টন তামার তার লুট করেছে। এর মাত্র দুই রাত আগে একই এলাকার জেএমআই এলপিজি কারখানা থেকেও বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটে।
এদিকে আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে চার-পাঁচজনকে বোরখা পরা অবস্থায় দেখা গেছে। লুটের পরিমাণ যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক তোহিদ জানান, এ ঘটনায় অভিযোগ দিতে থানায় আজ অভিযোগ দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, শিল্পকারখানার পাশাপাশি বসতবাড়ির বৈদ্যুতিক তার ও ক্ষেতখামারের ফসলও নিয়মিত চুরি হচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তাঁরা রাতের পুলিশি টহল বাড়ানো ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।












