‘বাংলা অস্ত্র ব্যবহার করি না, হাত ছিঁড়ে যায়’: ফেসবুকে রায়হান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৫:১৬ অপরাহ্ণ

ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান ও অস্ত্র উদ্ধারের পর পুলিশের অভিযান নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেছেন চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান আলম। পোস্টে তিনি লিখেছেন, তিনি ‘বাংলা’ অস্ত্র ব্যবহার করেন না; এসব অস্ত্র ব্যবহার করলে হাত ছিঁড়ে যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলনের পর পোস্টটি দেন রায়হান। সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের অভিযানের ফটোকার্ড শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর থেকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর হাজিরখিল কোদালিয়া টিলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিন।

পরে ধারাবাহিক অভিযানে ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের দাবি, পিস্তলটি রায়হানের ব্যবহৃত। এ ঘটনায় তাঁর চার সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। অভিযানের সময় রায়হান পালিয়ে যান বলে পুলিশ জানায়। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে গ্রেপ্তার ব্যক্তিদের ‘প্রতিহিংসার শিকার’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন রায়হান। পুলিশের সঙ্গে তাঁর ফোনালাপের অডিও প্রকাশ করে আত্মসমর্পণের বিষয়েও ইঙ্গিত দেন তিনি। তবে এখনো আত্মসমর্পণ করেননি।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধচুয়েটের সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ