এক মাস পর নিভল ইনানীর গ্যাসকূপের আগুন

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ১২:৫৭ অপরাহ্ণ

টানা এক মাস পর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) কারিগরি দল।

আজ শুক্রবার সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নেভানো হয়।

বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস উদ্গিরণ করায় আগুন নেভানোর অভিযান সফল হয়েছে।

রকিবুল হাসান বলেন, এখন কূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ ঢুকিয়ে এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় মাড ব্যবহার করা হবে। সফলভাবে এক হাজার ফুট পর্যন্ত খনন করা গেলে কূপের ফরমেশন প্রেশারের ভারসাম্য বজায় রেখে প্রয়োজনীয় মাড ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। পরে জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে এবং মূল্যায়নের ভিত্তিতে গ্যাস অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

এর আগে আগুন নেভাতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত অভিযান শুরু করে বাপেক্সের কারিগরি দল। ওই দিন আগুন নেভাতে সক্ষম হলেও সাত মিনিট পর আবার জ্বলে ওঠে। পরে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সকালে দ্বিতীয় দফার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে কূপটির সার্বিক পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় একটি পরিত্যক্ত নলকূপ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে জ্বলছিল আগুন।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশে ভারত পাকিস্তানকে যেভাবে মিলিয়ে দিল ইকবালের কবিতা