সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সংস্থাটির ব্যক্তিগত ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফিফা। বার্তাসংস্থা রয়টার্সকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছেন। এর ফলে সীমিত পরিসরে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’
তথ্য চুরি ও প্রকাশের ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশকে গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে অভিহিত করেছে ফিফা। তবে ফিফা এটি নিশ্চিত করেনি যে, কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কখন হামলাটি ঘটেছে কিংবা ব্যবসায়িক তথ্যের কোন অংশ এতে আক্রান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ফিফা। তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও সেগুলো অনলাইনে এসেছে কি না, কিংবা কোথায় প্রকাশিত হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি। এ বিষয়ে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় আক্রান্ত হয়েছে। তবে ফিফার পরিত্যক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো ফাইলে অননুমোদিত প্রবেশ ঘটেনি।










