আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্ত বয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস আজ। এ বছরই সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিবাহ হয়েছে ১৮ বছরের আগেই এবং এই হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে দেশের আর্থ–সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে।
পাশাপাশি অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে কাজ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। একইভাবে, এসডিজি ১৬.৯–এ ২০৩০ সালের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিতের কথা বলা হয়েছে, যার অন্যতম ভিত্তি জন্ম নিবন্ধন। সকল শিশুর অধিকার সুরক্ষার আন্তর্জাতিক চুক্তি, জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) প্রতিপালনেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮–২০৩০) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ নিবন্ধন গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখতে পারে।
দিবসটি উপলক্ষ্যে দেওয়া প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।










