রাষ্ট্রদ্রোহ ও সরকার উৎখাতের অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে তদন্তে এবার ডিজিটাল ফরেনসিকের ওপরই মূল ভরসা রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। চার দিনের রিমান্ডে নিবিড় জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হলেও তিনি মুখ খোলেননি, মেলেনি নতুন কোনো তথ্যও। ফলে জব্দকৃত মোবাইল ফোন ও ডিজিটাল আলামতগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে চাইছেন তদন্তকারীরা। চার দিনের রিমান্ড শেষে গত ১৮ নভেম্বর এসপি জাহাংগীরকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে গতকাল পর্যন্ত তদন্ত সংস্থার পক্ষ থেকে নতুন করে আর কোনো রিমান্ডের আবেদন করা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ পরিদর্শক রাসেল মাহমুদ গতকাল দৈনিক আজাদীকে জানিয়েছেন, রিমান্ড চলাকালে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জাহাংগীর কোনো কিছুই স্বীকার করেননি। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে পাঠানো সংবেদনশীল বার্তাগুলো কার উদ্দেশে পাঠানো হয়েছিল কিংবা সেই ‘জনৈক ব্যক্তি’ আসলে কে–সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্যই তিনি দেননি। তবে আলামতগুলোর ফরেনসিক পরীক্ষা হলে গোপন ডেটা উদ্ধার ও অপরাধচক্রের নেপথ্য রূপরেখা বেরিয়ে আসবে বলে আশাবাদী তদন্তকারী সংস্থা। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এসপি জাহাংগীরের কাছ থেকে জব্দকৃত আলামত তথা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের কাছে আবেদন করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে এসপি জাহাংগীরের ব্যক্তিগত মোবাইল নম্বর এবং তার ব্যবহৃত ‘ডেড্রিমার’ নামক অ্যাপ অ্যাকাউন্ট থেকে জনৈক ব্যক্তির উদ্দেশে সংবেদনশীল বার্তা পাঠানো হয়। বার্তায় লেখা হয়, ‘ডিয়ার স্যার বেস্ট উইশেস ফর ইউ। ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর। স্টেই ফাইন স্যার। রিগার্ডস স্যার।’ এরপর রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো দ্বিতীয় বার্তায় উল্লেখ করা হয়, ‘আসসালামু আলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন–মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ বার্তায় জাহাংগীর আলম আরও লেখেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকলেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’ পুলিশের দাবি, এসব বার্তা বর্তমান রাষ্ট্রকাঠামো উৎখাতের অন্তর্ঘাতমূলক পরিকল্পনারই অংশ। এ ছাড়া বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা ও মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগসাজশ রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রে তিনি লিপ্ত ছিলেন বলে এজাহারে বলা হয়। এর আগে ‘আওয়ামী কানেকশন’–এর অভিযোগে গত ১১ নভেম্বর নগরীর হালিশহর জেলা পুলিশ লাইনস থেকে এসপি জাহাংগীরের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পাশাপাশি তাকে নজরদারিতেও রাখা হয়। পরবর্তীতে ১৪ নভেম্বর পাঁচলাইশ থানায় দণ্ডবিধির ১২৪এ (রাষ্ট্রদ্রোহিতা) ও ১৫৩ (দাঙ্গা উসকে দেওয়া) ধারায় মামলা দায়েরের পর পাঁচলাইশ থানাধীন পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ নভেম্বর আদালতে পাঠানো হলে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেদিন আদালত প্রাঙ্গণে জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আক্তার দাবি করেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ ও অরাজনৈতিক ব্যক্তি। ষড়যন্ত্রমূলকভাবে মোবাইল ফোন হ্যাক করে বার্তাগুলো পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাইয়ের আহ্বান জানান। পুলিশ বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর মামলায় রিমান্ডে রহস্যের জট না খোলায় এখন মামলার প্রকৃত সত্য ও সেই নেপথ্য ‘জনৈক ব্যক্তি’কে চিহ্নিত করতে ফরেনসিক প্রতিবেদনের দিকেই নজর সবার।










