সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। শাওন ছাড়া অন্য তিনজন হলেন বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।
গতকাল সকালে পুলিশের ভ্যানে কঠোর পাহারায় তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার পৌঁছান।
তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে তোলা হয়। আদালত তাদের টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শাওন আরমান ও বদির দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হোসাইন আহমদ টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।










