মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ছিনতাই হলে ভোগান্তিতে পড়তে হয় মালিককে। ফোনের সঙ্গে হারিয়ে যায় ব্যক্তিগত ছবি, যোগাযোগের নম্বরসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। সেই ফোন পুলিশের অভিযানে উদ্ধার হয়ে ফিরে পেলে ভুক্তভোগীর আনন্দও হয় অন্যরকম।
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা-পুলিশের অভিযানে হারানো ও ছিনতাই হওয়া ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আকবরশাহ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মুঠোফোন হারানো ও ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি মুঠোফোন উদ্ধার করেন থানার এএসআই মিঠুন চন্দ্র ঘোষ।
পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ফোনগুলোর প্রকৃত মালিকদের কাছে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুহুল আমিন লাভলু, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোছাইন ও এএসআই মিঠুন চন্দ্র ঘোষ।
ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ভুক্তভোগীরা। তাঁদের একজন মোস্তফা কামাল পাশা বলেন, ‘মুঠোফোনটি হারানোর পর ভেবেছিলাম, আর হয়তো ফিরে পাব না। ফোনটিতে আমার অনেক প্রয়োজনীয় তথ্য ছিল। পুলিশ ফোনটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। এতে আমি খুবই আনন্দিত। আকবরশাহ থানা-পুলিশের প্রতি কৃতজ্ঞ।’
আরেক ভুক্তভোগী মিনহাজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ফোন হারানোর পর থানায় জিডি করেছিলাম। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং ফোনটি উদ্ধার করে দিয়েছে। পুলিশের এমন তৎপরতায় আমরা সাধারণ মানুষ উপকৃত। ফোনটি ফিরে পেয়ে সত্যিই ভালো লাগছে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।’
সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।












