হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, বড় ক্ষয়ক্ষতি হয়নি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বড়পোল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে বক্সের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং বক্সে স্বাভাবিক কার্যক্রম চলছে।

উল্লেখ্য গত কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সময় নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। এর কিছুদিন আগে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে দুর্বৃত্তরা আগুন দেয়; জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি।

 

পূর্ববর্তী নিবন্ধকীভাবে খ্রিষ্টানদের ছাপিয়ে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হয়ে উঠছে মুসলমানেরা