বিমানের জ্বালানি তেল পরিবহনকালে চুরি ও অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বিমানের জ্বালানি তেল পরিবহন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের গোদনাইল থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে জেট এ–১ পরিবহনকারী ট্যাংকলরির মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা গত ২৩ নভেম্বর ঢাকার কাওরান বাজার বিটিএমসি ভবনে পদ্মা অয়েল পিএলসির ঢাকা অফিসে অনুষ্ঠিত হয়। পদ্মা অয়েলের উপ–মহাব্যবস্থাপক (পরিচালন) মো. ফারুক হোসেন মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জ্বালানি তেল পরিবহনকালে চুরি ও অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পরিবহন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/মালিকপক্ষ তেল চুরির সঙ্গে জড়িত প্রমাণিত হলে সম্পাদিত পরিবহন চুক্তি বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বিমানের জ্বালানি তেল চুরির সাথে এ কোম্পানির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিমানের জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত ট্যাংকলরির চালক ও শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের বিষয়ে মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ঐকমত্য পোষণ করেন। পাশাপাশি জ্বালানি তেল পরিবহনকারী সকল ট্যাংকলরিতে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে মালিক সমিতি সহমত পোষণ করেন। পরিবহন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি কন্ট্রোল সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ কন্ট্রোল সেলের মাধ্যমে বিমানের জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির চলাচল নজরদারির আওতায় আনা হবে। পরিবহনকালে কোনো ট্যাংকলরিতে যান্ত্রিক বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কিংবা কোনো ট্যাংকলরি কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে পৌঁছাতে দেরি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়েও সিদ্ধান্ত হয়। এছাড়া সিদ্ধান্ত হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ৯ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন কোনো ট্যাংকলরির মাধ্যমে বিমানের জ্বালানি তেল পরিবহন করা যাবে না।

সভায় পরিবহন সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ সাইজুদ্দীন মাতবর, কামাল বিশ্বাস, মিজানুর রহমান, মাসুম পারভেজ, মোহাম্মদ সাব্বীর আহাম্মেদ ও মোহাম্মদ রাজিব। শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন হাজি মো. জাহিদ হোসেন ও রাকিব ভূঁইয়া।

পূর্ববর্তী নিবন্ধথাকবেন ২৪ দেশের ৪৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, প্রবন্ধ উপস্থাপন ২৫১টি
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে ইনার হুইল ক্লাব লুসাই হিলসের মশারি বিতরণ