অনাঘ্রাত

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

কোনো পোড় খাওয়া পাখি নই আমি,

তীব্র অন্ধকার খেয়ে বেঁচে থাকি।

মৃত তারাদের ভিড়ে চাঁদ হয়ে হেঁটে যাই নিঃশব্দে,

আবার স্বপ্ন খেকো মাতালের মতো উড়ি অমাবস্যার আকাশে।

জ্বলে জ্বলে নিভে যাওয়া জ্যোৎস্নায় খুঁজি রাতের বিপন্নতা,

বিস্মৃতির নীল মুদ্রায় তখন নেচে ওঠে আহত অভিমান।

বুকের ভেতর স্তব্ধ রাত্রি অশরীরী অন্ধকার জেগে ওঠে ফের,

আত্মার সমর্পণে নেই কোন অভিপ্রায়..

ঘূর্ণায়মান পৃথিবীতে কিছু স্বপ্ন থেকে যায় অধরা।

পালকের গুঞ্জরণে ভাসিয়ে নিয়ে যায়, পড়ে থাকে

রাতের উঠোনে তারাহীন এক শূন্যতা।

তবুও হে বিস্ময়….অনাঘ্রাত অনুভূতির অপেক্ষায়।

পূর্ববর্তী নিবন্ধশূন্যতা
পরবর্তী নিবন্ধমানুষ