ডিসেম্বরকে কেন্দ্র করে চট্টগ্রাম অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
তিনি গতকাল বুধবার বিকেলে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ডিআইজি বলেন, কোনো অবস্থাতেই জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়ে তুলতে দেওয়া হবে না। অপরাধীরা যাতে এ এলাকায় আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। যেকোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
জঙ্গল সলিমপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাদের দৈনন্দিন কর্মকাণ্ড ও ব্যবসা–বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সুযোগ এখনো রয়েছে। বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করে পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। আট ঘণ্টার ওই অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় তিনটি পিস্তল, ২৭টি পাইপগান, ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তৈরির সরঞ্জাম। অভিযানে বিভিন্ন বাহিনীর ৩ হাজার ১৮৩ সদস্য অংশ নেন। এ ঘটনায় তিনটি মামলা করা হয়। এরপর গত ৮ অক্টোবর জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি শটগান ও একটি চীনা পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জঙ্গল সলিমপুরের নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের জন্য চলতি বছরের মার্চে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে ২৯ সদস্যের একটি উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির কাজের মধ্যে রয়েছে নিরাপত্তা জোরদার, সরকারি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয়।
ডিআইজি শামসুল হক বলেন, কোনো অপরাধী যাতে জঙ্গল সলিমপুরে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। এলাকার কোনো বাসিন্দার সমস্যা থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যাতে কোনো ধরনের সমস্যা বা ক্ষতি না হয়, পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সে লক্ষ্যে কাজ করছে।
এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিতে হবে।
সড়ক নির্মাণের আগেই জঙ্গল সলিমপুরে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে ডিআইজি বলেন, প্রথমত, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণকাজ শেষ হলে মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নগরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
এ সময় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












