চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে পূর্বঘোষিত এক দফা দাবি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতদিন সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও এবার চুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যেকোনো একজন জ্যেষ্ঠ অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর সোয়া ১টার দিকে সমিতির নেতারা তাদের এই নতুন অবস্থানের কথা জানান।
সভা শেষে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসান উল্লাহ বলেন, চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুত সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৯৫ জন অধ্যাপক রয়েছেন, যাদের সবাই প্রশাসনিক দায়িত্ব পালনের যোগ্য। সরকার অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকে নতুন কাউকেও দিতে পারে। তবে যাঁকেই দিক, চুয়েট থেকেই যেন দেওয়া হয়– এটিই এখন আমাদের মূল দাবি।
এদিকে শিক্ষকদের নতুন অবস্থানের আগের রাতে, অর্থাৎ মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর আগে রাত সাড়ে ১১টার দিকে অচলাবস্থা নিরসনের বিষয়ে শিক্ষার্থীদের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
সভা শেষে রাত ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে বর্তমান উপাচার্যকে ক্যাম্পাসে ‘বয়কট’ ঘোষণা করা হয়। মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান বলেন, আমরা দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যে রয়েছি। শিক্ষার্থীদের মতামত ও দাবি উপেক্ষা করে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তাকে অপসারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।





