সমপ্রতি চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক পণ্যের কায়িক পরীক্ষণের জন্য জারিকৃত ১৪টি নির্দেশনা পোর্ট ইউজার্স ফোরামের দাবির প্রেক্ষিতে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কমিশনার। গতকাল বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিদের সাথে এক আলোচনা ও স্মারক লিপি প্রদানকালে কমিশনার অব কাস্টমস চট্টগ্রাম মুহাঃ মাহবুবুর রহমান এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আলোচনাকালে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিদল বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক সমপ্রতি আমদানিকৃত পণ্য চালানের কায়িক পরীক্ষণের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিপালনীয় ১৪টি নির্দেশনা সংবলিত যে অফিস আদেশ জারি করেন তা ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা আরও বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ আগস্ট চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে এনবিআর, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যের ব্যয় হ্রাস, বাণিজ্য ব্যবস্থা সরলীকরণ, ব্যবসা পরিচালন প্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুত ও সহজে পণ্য খালাসের লক্ষ্যে এ বিষয়ে দ্রুত আবশ্যকীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমসসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছিলেন। অথচ কায়িক পরীক্ষণের ক্ষেত্রে এই ধরণের আবশ্যিকভাবে পরিপালনীয় নির্দেশনা একদিকে পণ্যের শুল্কায়ন ও খালাস প্রক্রিয়াকে যেমন দীর্ঘায়িত করবে তেমনি এতে করে অনাকাঙ্খিত ডেমারেজ ও অন্যান্য অতিরিক্ত মাশুল প্রদানের দরুন ব্যবসায়ীদের কস্ট অব ডুয়িং বিজনেস অনেক বাড়িয়ে দিবে। তাই তারা এই ধরণের আদেশ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সভায় বন্দর ব্যবহারকারীদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে কায়িক পরীক্ষণ সংক্রান্ত সমপ্রতি জারীকৃত নির্দেশনাটি প্রত্যাহার করার বিষয়ে কমিশনার অব কাস্টমস সিদ্ধান্ত প্রদান করেন এবং একই সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের জন্য এ বিষয়ে একটি অভ্যন্তরীণ আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত আদেশটি পোর্ট ইউজার্স ফোরাম, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে বলে কমিশনার অব কাস্টমস জানান।
সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও পোর্ট ইউজার্স ফোরামের পক্ষে এ এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম সাইফুল আলমসহ চট্টগ্রাম কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভবিষ্যতে দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যের ব্যয় হ্রাস, বাণিজ্য সহজীকরণ, ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা হ্রাস এবং শুল্কায়ন ও খালাস প্রক্রিয়াকে অধিকতর গতিশীল ও সহজ করার লক্ষ্যে সরকারের নির্দেশনা ও গৃহীত উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষ সম্বলিতভাবে কাজ করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। এ প্রসঙ্গে দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, বন্দর কাস্টমসসহ দেশের ব্যবসা–বাণিজ্য সংক্রান্ত যেকোনো সমস্যা, সংকট যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান হলে ভুল বোঝাবুঝি হয় না। এটা আবার প্রমাণিত হলো। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারসহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চিটাগাং চেম্বার সব সময় ব্যবসায়ী, বিনিয়োগকারীদের কল্যাণ এবং শিল্প–বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধিতে পলিসি লেবেলে সহায়তা দেবে বলেও উল্লেখ করেন চেম্বার সভাপতি।




