চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এক ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাহাব উদ্দিন (৫৫)। এর আগে গত ১৭ অক্টোবর মেডিকেলের কাছে পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর গেট এলাকার ডাব বিক্রেতা সাইদুল হক রুবেলকে তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছিল।
পাঁচলাইশ থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মেডিকেলের প্রধান ফটকের সামনে ডাব বিক্রেতা সাহাব উদ্দিনকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে উত্ত্যক্ত করতে থাকেন মো. ইব্রাহীম ও মো. মাহমুদসহ কয়েকজন। পরে রাত ৩টার দিকে ইব্রাহীম তাকে লাথি মেরে ফেলে দেন। এ সময় অভিযুক্তদের সহযোগী এক ব্যক্তি তাকে তুলে আবারও থাপ্পড় মেরে ফেলে দেন।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় তার কাছে থাকা ২৪ হাজার ৪০০ টাকা নিয়ে যান অভিযুক্তরা। তিনি চট্টগ্রাম মেডিকেলের প্রধান ফটকের সামনে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল।
এ ঘটনায় মো. ইব্রাহীম, মো. মাহমুদ ও অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করে পাঁচলাইশ মডেল থানায় এজাহার দায়ের করেছেন সাহাব উদ্দিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।..






