মারা গেছেন অভিনেতা সোহেল খান

সিনেমার শুটিংয়ে বগুড়া গিয়েছিলেন, সেখানে হোটেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন।

সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, সকালবেলা উঠে নাস্তা করে সবার সঙ্গে কুশলাদি বিনিময়, হাসি–ঠাট্টা করে পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়েছিলেন। রেডি হয়ে বের হয়ে রুমের সামনে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন। খবর বিডিনিউজের।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেসবুক পোস্টে লিখেছেন, একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। বিস্তারিত তুলে ধরে জয় আরও লিখেছেন, তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। সোহেল খান কয়েক দশক ধরে নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। দেশের একটা প্রজন্মের দর্শকের কাছে তার বেশ জনপ্রিয়তা। সোহেল খানের কাজ শুরু মোস্তফা সরোয়ার ফারুকীর মাধ্যমে। ফারুকীর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে প্রথম পর্দায় আসেন তিনি।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বিভিন্ন একক নাটকে সোহেল খান অভিনয় করেছেন। ‘৪২০’ ধারাবাহিক দিয়েও দীর্ঘ সময় পর্দায় থাকেন তিনি।

সোহেল খান নাটকের পাশাপাশি দারুচিনি দ্বীপ (২০০৭), প্রজাপতি (২০১১), দেশ : দ্য লিডার (২০১৪), পরবাসিনী (২০১৭), প্রিয় কমলা (২০২১), কেমনে কি! (২০২১), শান (২০২২) এবং জংলি (২০২৫) সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে দর্শক বেশিরভাগ সময়ে হাস্যরসাত্মক চরিত্রেই বেশি পেয়েছে। অভিনয় করেছেন খল চরিত্রেও।

ফারুকীর আবেগঘন পোস্ট : মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মাণে জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’–এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। স্বতন্ত্র অভিনয়শৈলী ও প্রাণবন্ত উপস্থিতিতে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। মৃত্যুর আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন তিনি। বিষয়টি এখন নতুন করে ভাবাচ্ছে এই নির্মাতাকে। গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে সোহেল খানকে স্মরণ করেন ফারুকী। সেখানে তিনি লেখেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।’

মৃত্যুর আগের দিন হঠাৎ কেন সোহেল খানের সেই ছবি তার চোখে পড়েছিল, তা নিয়েও মনের অনুভূতি প্রকাশ করেছেন নির্মাতা। তিনি লেখেন, ‘কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’

মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত ‘৪২০’ ধারাবাহিকের ‘বিশু’ চরিত্রে অভিনয় করেই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। চরিত্রটিতে তার অভিনয় দর্শকদের মধ্যে আলাদা সাড়া ফেলেছিল। সেই কাজের সূত্রেই নির্মাতা ও অভিনেতার মধ্যে তৈরি হয়েছিল পরিচিতি ও নানা স্মৃতি। সময়ের পরিক্রমায় পর্দায় সোহেলের উপস্থিতি দর্শকের কাছে হয়ে উঠেছিল আনন্দের এক অনুষঙ্গ।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি