চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীরা কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে সাথে সাথে তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনতে হবে। সরকারি সেবা দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি গতকাল সোমবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাস পুরকায়স্থের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুদ্দিন, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন পলাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












