প্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি

লিপি বড়ুয়া | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

প্রতিশোধের চেয়ে ক্ষমা উত্তম কারণ ক্ষমা মনের প্রশান্তি দেয় এবং সম্পর্ক ও সমাজে স্থায়ী শান্তি ফিরিয়ে আনে। জীবনের পথে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে ক্ষোভ, অপমান ও কষ্টের কারণে মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। প্রতিশোধ চাওয়া একটি মানবিক অনুভব, কিন্তু কখনও তা শক্তির পরিচয় আবার কখনও দুর্বলতার। কেউ মনে করে, প্রতিশোধ নেওয়াই ন্যায়বিচার, আবার কেউ ভাবে, ক্ষমাই প্রকৃত বিজয়। এই দ্বৈত দর্শনের মধ্যেই প্রতিশোধ শব্দটির গভীরতা লুকিয়ে আছে।

প্রতিশোধ মানে কাউকে কষ্ট ফিরিয়ে দেওয়া নয়; বরং নিজেকে এমন উচ্চতায় প্রতিষ্ঠিত করা, যেখানে আপনার অপমানকারীরা আপনার সাফল্যের সামনে নিজেদের হীনতা ও ক্ষুদ্রতা উপলব্ধি করতে বাধ্য হয়।

মানুষের জীবনে কষ্ট, অপমান, অবহেলা ও অন্যায়ের অভিজ্ঞতা আসতেই পারে। কখনো আপনজনের কাছ থেকে, কখনো কাছের মানুষের কাছ থেকে, আবার কখনো এমন কারও কাছ থেকে আঘাত আসে, যার ওপর সবচেয়ে বেশি বিশ্বাস ছিল। এসব আঘাত হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। তখন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিতে মন চায়। কিন্তু মনে রাখবেন, প্রতিশোধ নেওয়াই শক্তির পরিচয় নয়, বরং অন্যায় সহ্য করে ধৈর্য ধারণ করা, ক্ষমা করতে পারা এবং নিজের বিচার মহান সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেওয়াই প্রকৃত মহত্ত্বের পরিচয়। ক্ষোভ ও প্রতিশোধের চিন্তা মনকে ভারী করে, কিন্তু ক্ষমা মনকে হালকা ও শান্ত রাখে। ক্ষমা কখনোই দুর্বলতা নয়; বরং এটি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের প্রকাশ। প্রতিশোধ পাল্টা প্রতিশোধের জন্ম দেয়, আর ক্ষমা সেই চক্র ভেঙে দেয়। অন্যায়ের জবাবে ক্ষমা ও ধৈর্য প্রদর্শনকে উচ্চ মর্যাদার গুণ হিসেবে দেখা হয়। কেউ আপনার সঙ্গে অন্যায় করলে তার মতো হয়ে যাওয়ার প্রয়োজন নেই। কেউ আপনাকে অপমান করলে পাল্টা অপমান করতেই হবে, এমন কোনো কথা নেই। কেউ আপনার ক্ষতি করলে তার ক্ষতি করেই শান্তি খুঁজতে হবে, সেটাও জরুরি নয়। অনেকে মনে করেন, কাউকে ক্ষমা করলে নিজের সম্মান কমে যায়। কিন্তু না, ক্ষমা মানুষকে ছোট করে না; বরং তার ব্যক্তিত্ব, মানসিক প্রশান্তি ও নৈতিক মর্যাদাকে আরও উন্নত করে। জীবন অনেক ছোট। এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত যদি অন্যের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা ও প্রতিশোধের চিন্তায় কাটিয়ে দেন, তাহলে নিজের শান্তিটুকুও হারিয়ে ফেলবেন। যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, তার কথা ভেবে নিজের সুন্দর সময় নষ্ট করবেন না। বরং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। ভালো কাজ করুন, মানুষের উপকার করুন এবং নিজের হৃদয়কে পবিত্র রাখার চেষ্টা করুন। কারও অন্যায়ের কারণে নিজের চরিত্র নষ্ট করবেন না। অন্যের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবেন না। মনে রাখবেন, আপনার দায়িত্ব অন্যায়ের জবাবে অন্যায় করা নয়; বরং ন্যায়ের পথে অবিচল থাকা।

পৃথিবীর জীবনে কে কাকে কষ্ট দিল, কে কার সঙ্গে প্রতারণা করল, কে কার অধিকার নষ্ট করল এসবের চূড়ান্ত হিসাব একদিন হবে। তাই প্রতিশোধের চিন্তায় নিজেকে অস্থির করবেন না। ধৈর্য ধরুন, ক্ষমা করতে শিখুন। ক্ষমা দুর্বলদের কাজ নয়, প্রতিশোধ থামিয়ে দেওয়াই শক্ত মানুষের পরিচয়। ক্ষমাশীলতা মানুষকে দয়া, সহনশীলতা ও আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ও অন্যকে ক্ষমা করা উভয়টিই জীবনের সুন্দর দিক। ক্ষমা সুন্দর দৃষ্টিতে কারও ভুলগুলোকে মাফ করে দেওয়া আমাদের মানব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

পরিবার, সমাজ তথা রাষ্ট্র সবক্ষেত্রে যদি প্রতিশোধের পরিবর্তে ক্ষমার আদর্শ নিয়ে চলা যায় তবে শান্তির বাতাবরণ ছড়াবে চারপাশে। ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর চরম শত্রুদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যা একটি আদর্শ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে সহায়ক হয়েছিল।

ক্ষমা সেই আলো, যা অন্ধকার অতীতকে নয়, উজ্জ্বল ভবিষ্যৎকে আলোকিত করে। যে বা যারা ক্ষমা করতে পারে, তাদের মন শান্ত থাকে। ক্ষমাই মহত্ত্বের পরিচয়; এটি মানুষকে ছোট করে না, বরং আরও মহান করে তোলে।

তাই আসুন, প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে না দিয়ে ক্ষমা, ধৈর্য ও সুন্দর দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করে তুলি।

লেখক: কবি ও গল্পকার

পূর্ববর্তী নিবন্ধসনদ নয়, মানুষ হওয়ার মধ্যে রয়েছে শিক্ষার সার্থকতা
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে আবদুল অদুদ চৌধুরী