আরো দুই মামলায় মৃধা ও কিবরীয়ার সাজা

রেলওয়ের নিয়োগ দুর্নীতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে জনবল নিয়োগে দুর্নীতির পৃথক দুই মামলায় সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এসব রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। দুই মামলাতেই ইউসুফ আলী মৃধাকে দুই বছর করে এবং গোলাম কিবরীয়াকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, প্রথম মামলাটি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ সংক্রান্ত। ২০০৯ ও ২০১০ সালে পূর্বাঞ্চলে ৪০০টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে এবং যাচাই–বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। রায়ে মৃধাকে ২ বছর ও গোলাম কিবরীয়াকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে ঘষামাজা করে নম্বর বাড়ানো হয় এবং বিধিবহির্ভূতভাবে ৮ নম্বর গ্রেস দিয়ে অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়। এ ছাড়া জেলা কোটা লঙ্ঘন করে ৩২টি জেলা থেকে ৭১ জন কম ও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থীকে সুপারিশ করা হয় এবং এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জনের স্থলে মাত্র ৫ জনকে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, একই দিন নিষ্পত্তি হওয়া অপর মামলাটি সহকারী লোকো মাস্টার (এ,এল,এম) গ্রেড–২ পদে নিয়োগ সংক্রান্ত। এ মামলা পরিচালনায় ছিলেন দুদকের আরেক পিপি মো. রেজাউল করিম রনি। তিনি দৈনিক আজাদীকে জানান, ২০১২ সালে কোতোয়ালী থানায় দায়ের হওয়া এ মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও জাল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়। নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে ফলাফল কাটাকাটি, ঘষামাজা ও গড়মিল করে বিধিবহির্ভূতভাবে ১০ নম্বর গ্রেস দেওয়া হয়, নম্বর বাড়িয়ে দেখানো হয়, জেলা কোটা যথাযথভাবে অনুসরণ না করা এবং উত্তীর্ণ প্রার্থীকে বাদ দিয়ে অকৃতকার্য প্রার্থীকে নিয়োগের সুপারিশ ও জাল রেকর্ডপত্র তৈরির অভিযোগ ছিল। এ মামলায় গোলাম কিবরীয়াকে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মোট ৩ বছর এবং ইউসুফ আলী মৃধাকে মোট ২ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি অপর আসামিদের খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, রায়ের সময় গোলাম কিবরীয়া উপস্থিত থাকলে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয় এবং পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির আরেকটি মামলায়ও একই আদালত এই দুই কর্মকর্তাকে যথাক্রমে দুই ও তিন বছরের কারাদণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধআজ সাবেক এমপি নজরুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধমালিকপক্ষের নতুন বেতন কাঠামোর প্রস্তাব জানালেন না বোর্ড চেয়ারম্যান