আজ সাবেক এমপি নজরুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া (তৎকালীন চট্টগ্রাম–১১) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে–পটিয়ায় পারিবারিক কবরস্থান জেয়ারত, বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ।

বরেণ্য শিক্ষাবিদ মরহুম আবদুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মরহুম নজরুল ইসলাম ছাত্রজীবনে সর্বভারতীয় মুসলিম ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তখন থেকেই তিনি নিজেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রাখেন।

যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৫৪ সালের চট্টগ্রাম জেলা বোর্ডের প্রথম নির্বাচনে তিনি সদস্য নির্বাচিত হন। ৫০’দশকের মাঝামাঝি সময়ে তিনি সোসাইটি অব আর্টস অ্যান্ড লিটারেচার প্রতিষ্ঠা করেন। এছাড়া জমিয়াতুল ফালাহ–এর প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি মুসলিম এডুকেশন সোসাইটির নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পটিয়ায় দক্ষিণ চট্টগ্রামে মেয়েদের জন্য সর্বপ্রথম আবদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনায় (বর্তমানে জাতীয়করণকৃত) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া দীর্ঘদিন আবদুস সোবহান রাহাত আলী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মোহসেনা প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে জাতীয়করণকৃত), মোহসেনা মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে জনহিতকর কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুজুকির নতুন গাড়ি বাজারে আনল উত্তরা মোটর্স
পরবর্তী নিবন্ধআরো দুই মামলায় মৃধা ও কিবরীয়ার সাজা