পরীক্ষায় নকল কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো–জিন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় এক পরীক্ষার্থীর নকল এবং পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতির ঘাটতির দায় নিয়ে তিনি রোববার পদত্যাগ করেন। প্রেসিডেন্ট লি জে মিয়ুং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। খবর বিডিনিউজের। চোই কিয়ো–জিন জানান, সমপ্রতি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার শেষ মুহূর্তে যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল তার সমালোচনার দায় তিনি এড়াতে পারেন না। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রোববার চোই বলেছেন, দায়িত্বে থাকা একজন মন্ত্রী হিসেবে আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা আমি এড়াতে পারি না। যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি গভীর দায়িত্ববোধ থেকে পদত্যাগ করছি। ঘটনার সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী (হান ওন–সিওক) স্বীকার করেন যে, তিনি মাইক্রোক্যামেরা, স্মার্টফোন ও এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় নকল করেছিলেন।












