এশিয়ান কাপ রাইজিং স্টারসের ম্যাচে শনিবার রাতে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে সেমি–ফাইনালের টিকেট পেয়েছে বাংলাদেশ। কাতারের দোহায় ১৭৪ রানের পুঁজি নিয়ে ম্যাচ জমিয়ে তোলে আফগানরা। তবে শেষ উইকেটের বীরত্বে আনন্দে ভাসে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দলের রকিবুল হাসান যখন ফিরেন, তখন জয় থেকে ১৩ রান দূরে ছিল বাংলাদেশ ‘এ’ দল। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান ইকবাল হোসেন ইমন ও রিপন মন্ডল। ম্যাচের পাল্লা তখন কিছুটা আফগানিস্তানের দিকে হেলে। তবে তরুণ পেসার ইকবাল দেখান চমক। তার চার–ছক্কায় দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। ৪৫.৫ ওভারে তারা পৌঁছে যায় ৯ উইকেট হারিয়ে ১৭৬ রানে। পরপর দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে সেমি–ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ হেরে বিদায়ঘণ্টা বেজেছে আফগানিস্তানের। বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচে নির্ধারিত হবে গ্রুপসেরা। একই মাঠে আজ সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।











