একসময় মানুষ কোনো দৃশ্য মনে রাখতে চাইলে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকত। কোথাও বেড়াতে গেলে জায়গাটির আলো, গন্ধ, মানুষের মুখ কিংবা কোনো বিশেষ মুহূর্ত নিজের স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করত। এখন আমরা সেই দায়িত্ব অনেকটাই তুলে দিয়েছি ক্যামেরা ও মুঠোফোনের হাতে। একটি ভ্রমণ থেকে ফিরে আমাদের কাছে থাকে শত শত ছবি, অসংখ্য ভিডিও। কিন্তু কয়েক মাস পর সেই ভ্রমণের কথা ভাবতে গেলে অনেক সময় ছবিগুলো না দেখে নির্দিষ্ট কোনো মুহূর্ত মনে করতে পারি না। প্রযুক্তি আমাদের স্মৃতি সংরক্ষণের অভূতপূর্ব ক্ষমতা দিয়েছে। অথচ সেই ক্ষমতার মধ্যেই জন্ম নিয়েছে একটি নতুন প্রশ্ন–সবকিছু ধরে রাখতে গিয়ে আমরা কি মনে রাখার অভ্যাসটিই বদলে ফেলছি?
মানুষের স্মৃতি কখনোই নিখুঁত রেকর্ডিং যন্ত্রের মতো কাজ করেনি। আমরা কোনো ঘটনা মনে রাখি তার আবেগ, গুরুত্ব, পূর্ববর্তী অভিজ্ঞতা এবং পরবর্তী উপলব্ধির সঙ্গে মিলিয়ে। একই ঘটনার স্মৃতি দুই মানুষের কাছে আলাদা হতে পারে। সময়ের সঙ্গে স্মৃতির বিবরণও বদলায়। অন্যদিকে আলোকচিত্র একটি নির্দিষ্ট মুহূর্তের দৃশ্যমান তথ্য ধরে রাখে। এই দুইয়ের পার্থক্য গুরুত্বপূর্ণ। ছবি কোনো ঘটনার দৃশ্য সংরক্ষণ করতে পারে, কিন্তু সেই ঘটনার সম্পূর্ণ অভিজ্ঞতা নয়। ছবিতে বৃষ্টিভেজা রাস্তা দেখা যায়; কিন্তু বৃষ্টির গন্ধ, বাতাসের শীতলতা কিংবা সেই মুহূর্তে অনুভূত আনন্দ বা বিষণ্নতা ছবির মধ্যে সরাসরি সংরক্ষিত থাকে না।
আলোকচিত্র আবিষ্কারের পর থেকেই মানুষের স্মৃতি ও ছবির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ফরাসি চিন্তক রোলাঁ বার্ত তাঁর ঈধসবৎধ খঁপরফধ গ্রন্থে আলোকচিত্রকে ব্যক্তিগত স্মৃতি, অনুপস্থিতি এবং মৃত্যুচেতনার সঙ্গে যুক্ত করে দেখেছেন। তাঁর কাছে ছবি শুধু দৃশ্যমান তথ্যের বাহক ছিল না; কখনো তা এমন এক অনুভূতির জন্ম দেয়, যা ছবির বিষয়বস্তুর সাধারণ বিবরণ দিয়ে বোঝানো যায় না। অন্যদিকে সুজান সনটাগ ঙহ চযড়ঃড়মৎধঢ়যু গ্রন্থে ছবি তোলার সংস্কৃতি এবং অভিজ্ঞতাকে ছবির মাধ্যমে অধিকার করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের আলোচনা ডিজিটাল যুগের আগের হলেও বর্তমান সময়ে তা নতুন তাৎপর্য পেয়েছে। এখন ছবি তোলা আর বিশেষ কোনো উপলক্ষের আয়োজন নয়; দৈনন্দিন জীবনের প্রায় স্বয়ংক্রিয় অভ্যাস।
২০১৪ সালে প্রকাশিত মনোবিজ্ঞানী লিন্ডা হেনকেলের একটি গবেষণায় দেখা যায়, জাদুঘরে প্রদর্শিত বস্তু শুধু পর্যবেক্ষণ করার তুলনায় সেগুলোর ছবি তোলার পর অংশগ্রহণকারীরা কিছু ক্ষেত্রে বস্তুগুলোর বিবরণ কম মনে রাখতে পেরেছিলেন। গবেষণায় এই ঘটনাকে ‘ফটো–টেকিং ইমপেয়ারমেন্ট ইফেক্ট’ বলা হয়। তবে এর অর্থ এই নয় যে ছবি তুললেই স্মৃতিশক্তি কমে যায়। মনোযোগ দিয়ে কোনো বস্তুর নির্দিষ্ট অংশের ছবি তোলার ক্ষেত্রে ফল ভিন্ন হতে পারে। গবেষণাটি বরং একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিকে ইঙ্গিত করে–ক্যামেরার ওপর নির্ভর করার ধরন আমাদের মনোযোগ এবং পরবর্তী স্মরণকে প্রভাবিত করতে পারে।
এখানে মূল বিষয় সম্ভবত প্রযুক্তির উপস্থিতি নয়, মনোযোগের বণ্টন। কোনো দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা যদি ক্রমাগত ভালো ফ্রেম খোঁজা, আলো ঠিক করা কিংবা ছবিটি কোথায় প্রকাশ করব তা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সেই দৃশ্যের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সম্পর্ক বদলে যায়। আমরা একই সঙ্গে অভিজ্ঞতার অংশগ্রহণকারী এবং তার নথিকার হয়ে উঠি। কখনো নথি তৈরির কাজটিই অভিজ্ঞতার ওপর প্রাধান্য পায়। পাহাড়ের চূড়ায় পৌঁছে চারপাশ দেখার আগে ছবি তোলার জায়গা খোঁজা কিংবা কোনো অনুষ্ঠানে উপস্থিত থেকেও পুরো সময় ফোনের পর্দায় তাকিয়ে থাকার অভ্যাস এই পরিবর্তনের পরিচিত উদাহরণ।
তবে ডিজিটাল ছবি ও ভিডিওকে স্মৃতির প্রতিপক্ষ ভাবাও ভুল হবে। মানুষের ব্যক্তিগত ইতিহাস সংরক্ষণে প্রযুক্তির অবদান অসামান্য। পরিবারের প্রয়াত সদস্যের কণ্ঠস্বর, শিশুর বেড়ে ওঠার দৃশ্য, হারিয়ে যাওয়া কোনো বাড়ি কিংবা পরিবর্তিত জনপদের ছবি আমাদের অতীতের সঙ্গে নতুনভাবে যুক্ত করে। বিশেষত যেসব মানুষের জীবন প্রাতিষ্ঠানিক ইতিহাসে জায়গা পায় না, তাঁদের দৈনন্দিন অভিজ্ঞতা সংরক্ষণে ব্যক্তিগত আলোকচিত্র গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে। বহু সামাজিক ও রাজনৈতিক ঘটনার ক্ষেত্রেও সাধারণ মানুষের তোলা ছবি ইতিহাসের সাক্ষ্য বহন করে। ফলে প্রশ্নটি ছবি রাখা উচিত কি না, তা নয়; বরং ছবির সঙ্গে আমাদের সম্পর্ক কীভাবে গড়ে উঠছে।
এই সম্পর্কের আরেকটি পরিবর্তন এসেছে সংরক্ষণের পরিমাণে। অ্যালবামের যুগে ছবি বাছাই করার একটি প্রক্রিয়া ছিল। সীমিত সংখ্যক ছবি ছাপানো হতো, সাজিয়ে রাখা হতো, কখনো তারিখ বা নাম লিখে দেওয়া হতো। এখন মুঠোফোনে একই দৃশ্যের বিশটি ছবি তোলা যায় এবং প্রায় সবই রেখে দেওয়া সম্ভব। হাজার হাজার ছবি জমতে থাকে, কিন্তু সেগুলো দেখার কিংবা বাছাই করার সময় হয় না। ডিজিটাল সংরক্ষণ তাই অনেক সময় স্মৃতি গুছিয়ে রাখার পরিবর্তে বিপুল পরিমাণ তথ্য জমিয়ে রাখার অভ্যাসে পরিণত হয়। কোনো একটি মুহূর্ত খুঁজে পেতে তখন ছবির সংখ্যা নয়, তারিখ, স্থান কিংবা অন্য কোনো সূত্রের ওপর নির্ভর করতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এই অভ্যাসে আরও একটি মাত্রা যুক্ত করেছে। আগে ছবি তোলার একটি প্রধান উদ্দেশ্য ছিল ভবিষ্যতে ফিরে তাকাবার বিষয়। এখন অনেক ছবি তোলা হয় তাৎক্ষণিকভাবে অন্যকে দেখানোর জন্য। কোথাও যাওয়ার অভিজ্ঞতা কখনো সেই জায়গায় উপস্থিত থাকার চেয়ে সেখানে উপস্থিতির প্রমাণ প্রকাশ করার সঙ্গে বেশি জড়িয়ে পড়ে। ছবি তখন ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি সামাজিক পরিচয় নির্মাণের উপাদান হয়ে ওঠে। আমরা কী দেখেছি, তার সঙ্গে যুক্ত হয় অন্যেরা আমাদের কী দেখতে পাচ্ছে। ফলে অভিজ্ঞতা, স্মৃতি ও প্রদর্শনের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়।
অবশ্য স্মৃতি সংরক্ষণের এই পরিবর্তনকে শুধু ক্ষতির ইতিহাস হিসেবে দেখার কারণ নেই। প্রযুক্তি আমাদের এমন অনেক কিছু ধরে রাখার সুযোগ দিয়েছে, যা আগের প্রজন্মের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সংরক্ষণ আর স্মরণ এক নয়। একটি ছবি হার্ডডিস্কে থেকে যেতে পারে, অথচ তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের নাম কিংবা ঘটনার তাৎপর্য হারিয়ে যেতে পারে। আবার বহু বছর আগের একটি সাধারণ ছবি হঠাৎ এমন কোনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে, যা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। প্রযুক্তি তাই স্মৃতির বিকল্প নয়; স্মৃতিকে জাগিয়ে তোলার একটি মাধ্যম।
সম্ভবত প্রয়োজন সব মুহূর্তকে ছবিতে পরিণত করার বাধ্যবাধকতা থেকে কিছুটা মুক্ত হওয়া। কখনো ছবি তোলা, কখনো শুধু দেখা; কখনো সংরক্ষণ করা, কখনো অভিজ্ঞতাটিকে নিজের ভেতরে স্থির হতে দেওয়া। আর যেসব ছবি রেখে দিচ্ছি, সেগুলোর মধ্য থেকে কিছু বেছে দেখা, মানুষ ও স্থানের পরিচয় লিখে রাখা, গল্পগুলো মনে করারও প্রয়োজন আছে। কারণ ভবিষ্যতের জন্য শুধু দৃশ্য রেখে গেলে ইতিহাসের একটি অংশ সংরক্ষিত হয়, সম্পূর্ণ অভিজ্ঞতা নয়। স্মৃতির মূল্য কেবল কত কিছু ধরে রাখতে পারলাম, তাতে নির্ধারিত হয় না; বরং যা ধরে রেখেছি, তার সঙ্গে আমাদের সম্পর্ক কতটা জীবন্ত রইল, সেটিও সমান গুরুত্বপূর্ণ।










