গণতন্ত্রের মূল শক্তি পারস্পরিক সহঅবস্থান। অন্যের প্রতি সহনশীল মনোভাব পোষন। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। নিজের মতে অবিচল থাকতে গিয়ে ভিন্ন মতে আঘাত না করা। ক্ষেত্র বিশেষে ভিন্নমতে সহমত পোষণ করা। বিশেষ করে ভিন্নমতের ভালো কিছুকে সমর্থন করা। ভিন্নমতে সহমত পোষণ করা মানে অন্যের মতকে গ্রহণ করা নয়। অর্থাৎ প্রত্যাখান না করা। কোন কোন ক্ষেত্রে অন্যের মতকেও প্রাধান্য দিতে হয়। তার মানে এই নয় যে, নিজের মতকে পরিহার করা। নিজের মতে থেকেও অন্যের প্রতি সমর্থন দেওয়া যায়। অবশ্য সেই মত যদি নিজের মতের সাথে সাংঘর্ষিক না হয়। অন্যরা বিপরীত কিছু বললেও তা যদি বিবেচনাযোগ্য হয় তার প্রতি উদার মনোভাব পোষণ করা গণতন্ত্রের অন্যতম সৌকর্য। অন্যের মতে নিজের মতের বৈপরিত্য থাকলেও তাতে সহমত পোষণ করার নাম গণতন্ত্র।
ভিন্নমতে সহমত পোষণ করা আর একমত হওয়া এক কথা নয়। গণতন্ত্রে সবাই কখনো একমত হয় না, ভিন্নমত থাকে। সংখ্যা গরিষ্ঠ একমত হলে গ্রহণযোগ্য হয়ে যায়। ভিন্নমত থাকা সত্ত্বেও তা সবার জন্য প্রযোজ্য হয়। তাই গণতন্ত্রে সংখ্যা গরিষ্ঠের মত খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্যদের মত গ্রহণযোগ্য না হলেও তাদের মতের উল্লেখ থাকে। অর্থাৎ তারা ভিন্নমত পোষণ করেছে। কখনো কখনো ভিন্নমতও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পক্ষে বিপক্ষে আলোচনা হয়। সবার কথা বলার সুযোগ থাকে। উদাহরণ টানতে পারে, যুক্তি দেখতে পারে। মতামত ব্যক্ত করতে পারে। গণতন্ত্রে আলোচনা হয়, সমালোচনাও হয়। যুক্তিতর্ক হয়। সহজে ভিন্নমত পোষণ করা যায়।
সবাইকে নিয়ে একসাথে চলার নাম গণতন্ত্র। পথ চলতে গিয়ে সবাই একসাথে নাও থাকতে পারে। ভিন্ন পথে চলতে পারে, ভিন্ন মতে থাকতে পারে। যে যে পথে চলুক, যে যে মতে থাকুক সবার স্বার্থ অভিন্ন। দেশকে ভালোবাসা, দেশের মানুষের জন্য কাজ করা। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, গণতন্ত্রের চর্চা করা। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেয়া। গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেয়া। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করা। সর্বক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। গণতন্ত্র থাকলে মানুষের কথা বলার অধিকার থাকে। মত প্রকাশের স্বাধীনতা থাকে। এজন্য সবাই চায় গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকুক। গণতন্ত্রের মধ্য দিয়ে দেশে এগিয়ে চলুক।
ভিন্নমত বা সহমত যাই বলি না কেন কেউ কথা না শুনলে মত প্রকাশ করা যায় না। কোন কিছু প্রকাশ করতে হলে শুনতে হয়। এখন শোনার মানসিকতা তেমন কারো নেই। কেউ কাউকে শুনতে চায় না। পড়ার মানসিকতা একেবারে নেই বললে চলে। কেউ আর পড়তে চায় না। পড়ে কিছু শিখার ইচ্ছা কারো নেই। দেখে শুনে শেখার ইচ্ছা তেমন আছে বলে মনে হয় না। তবে অনেকে বলতে চায়। কেউ শুনুক বা না শুনুক বলে অনেকে তৃপ্তি পায়। এ বলা যে অর্থহীন বলা তা সহজে বুঝা যায়। যে কথা কেউ শুনলো না, সে কথার কি মূল্য আছে। অবশ্য কথা বলা আর মত প্রকাশ করা এক কথা হয়। মত প্রকাশে সুনির্দিষ্ট লক্ষ্য থাকে; উদ্দেশ্য থাকে। এ মত অন্যের মনপুত হওয়ার ব্যাপার আছে। গ্রহণ করার ব্যাপার থাকে। এ মতের সাথে সহমত পোষণ করতে পারে আবার ভিন্নমতও দিতে পারে। আবার কেউ কেউ বিভ্রান্তও হতে পারে। এজন্য মত প্রকাশে ভেবে চিন্তে করতে হয়। মত প্রকাশের স্বাধীনতা থাকলেও যখন যা ইচ্ছা তা প্রকাশ করা যায় না। সবদিক বিবেচনা করে মত প্রকাশ করলে সে মত নিয়ে আলোচনা হয়।
গণতন্ত্রে নানা ধরনের মত থাকে। যেমন বাউলেরা এক ধরনের মতের অনুসারী। তারা আজীবন তা লালন করে, ওভাবে চলে। তাদের চাল চলন সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। এরকম আরো অনেক সম্প্রদায় বা গোষ্ঠী আছে যারা নিজস্ব স্বকীয়তায় চলে। এরা সবাই স্ব স্ব মতাদর্শের অনুসারী। নিজস্ব ধারায় এরা যুগের পর যুগ এমনকি কালের পর কাল চলমান। এরা এদের মতো করে চলে, নিজস্ব মতে চলে। যা অন্যের সাথে মিলে না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ নিজস্ব ধারা বহমান থাকে। কোন কোন সময়ে অন্যের মত চাপিয়ে দেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এদের স্বাভাবিক জীবন আচরণে বাধা বিঘ্ন তৈরি করা হয়। এদের ভিন্ন চোখে দেখা হয়। এদের প্রতি বৈরি মনোভাব পোষণ করা হয়। যা গণতান্ত্রিক সমাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
একই মতের অধিকারী হলেও সেখানেও ভিন্নতা থাকে। ভিন্নমত থাকে, সহমত থাকে। গণতন্ত্র এ সুযোগ দেয়। সবাই যে একমতে থাকবে তা নয়। কেউ কেউ ঐকমত্য বলে। কোন একটা সুনির্দিষ্ট বিষয়ে ঐকমত্য হয়ে থাকে। দলমত নির্বিশেষে সবাই ঐকমত্য পোষণ করে। এ ঐক্যমতের বিরোধী মত থাকতে পারে। কেউ কেউ ভিন্নমত পোষণ করতে পারে। তবে বিরোধী মত আর ভিন্নমত এককথা নয়। অর্থাৎ কোন মতের বিরোধিতা করা আর ভিন্নমত পোষণ করার মধ্যে পার্থক্য আছে। গণতন্ত্রে এ দুটির সুযোগ আছে। কেউ বিরোধিতা করতে পারে আবার কেউ ভিন্নমত পোষণ করতে পারে। আবার দুটি একসাথেও করতে পারে।
গণতন্ত্র সর্বসাধারণের অধিকারকে সমুন্নত রাখে। জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়। সুরক্ষা করে। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথকে সুগম করে। বৈষম্য হ্রাস করার পথ দেখায়। ভেদাভেদ কমিয়ে আনে। পারস্পরিক সহ অবস্থান নিশ্চিত করে। আলাপ আলোচনার পথ প্রশস্ত করে। পারস্পরিক বিরোধ নিষ্পত্তি করে। সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা করে। সকল ধর্ম, সম্প্রদায় ও গোষ্ঠীকে অভিন্ন দৃষ্টিতে দেখে। সব মানুষের সমান অধিকার নিশ্চিত করে। মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখে। স্বাক্ষ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের সুযোগ সৃষ্টি করে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। ভোটাধিকার নিশ্চিত করে। প্রত্যেকের স্ব স্ব আচার অনুষ্ঠান পালনের নিশ্চয়তা প্রদান করে। প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে মানুষ যেন নিজস্ব স্বকীয়তায় নির্বিঘ্নে বসবাস করতে পারে সে নিশ্চয়তা প্রদান করে।
লেখক: কথাসাহিত্যিক ও ব্যাংক নির্বাহী










