মীরসরাইয়ে নির্মাণাধীন গেটের ঢালাই ধসে শ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে নির্মাণাধীন গেটের ঢালাই ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বোরহান উদ্দিন (২৮) উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে। জানা যায়, গতকাল সকালে মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালের পর নির্মাণাধীন গেটের ঢালাইয়ের সেন্টারিং খোলার সময় কংক্রিট ধসে পড়ে। এ সময় কংক্রিটের নিচে আটকা পড়েন বোরহান উদ্দিন। স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন গেটের ঢালাই ভেঙে এক শ্রমিক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মারা যায়। তিনি আরও বলেন, নির্মাণাধীন তোরণটি ঢালাই দেওয়া হয় বৃহস্পতিবারে। তিনদিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার দ্রুত কাজ শেষ করার জন্য তা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে মরদেহ মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কথা বলতে বাড়ির মালিক মোজাম্মেল হোসেন ও ঠিকাদারের যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাউজানে যুবককে পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা