দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন চাল ও ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ লাখ টন সিদ্ধ চাল, ৩ লাখ টন ধান এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং ধান ৩৫ টাকা দরে কেনা হবে। এই বিপুল খাদ্যশস্য মজুদে সরকারের ৩ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় হবে বলে সূত্রে জানা গেছে।
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রতি বছর সরকার দেশের অভ্যন্তরীণ বাজার থেকে চাল ও ধান সংগ্রহ করে। বিশেষ করে সরকারি মজুদকে শক্ত ভিত্তি দেওয়ার পাশাপাশি কৃষকেরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নেয়। তবে সর্বোপরি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহ করে। একই সঙ্গে বাজারে চালের দামের অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণেও সরকারি সংগ্রহ কার্যক্রম ভূমিকা রাখে।
এবার ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে। অন্যদিকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। উভয় কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা দরে কেনা হচ্ছে। প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা।
চলতি আমন মৌসুমে ধানের সংগ্রহ মূল্য গত মৌসুমের তুলনায় কেজিতে এক টাকা বাড়ানো হয়েছে। গত আমন মৌসুমে প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করা হয়েছিল। তবে সিদ্ধ চালের দাম কেজিতে এক টাকা কমিয়ে ৪৯ টাকা এবং আতপ চালের দাম এক টাকা কমিয়ে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ছিল ৫০ টাকা এবং আতপ চালের ৪৯ টাকা।
এই সংগ্রহ কার্যক্রমে মোট ৩ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় হবে বলে উল্লেখ করে সূত্র জানিয়েছে, এর মধ্যে তিন লাখ টন ধান কিনতে ব্যয় হবে ১ হাজার ৫০ কোটি টাকা, পাঁচ লাখ টন সিদ্ধ চাল কিনতে ২ হাজার ৪৫০ কোটি টাকা এবং ৫০ হাজার টন আতপ চাল কিনতে ২৪০ কোটি টাকা ব্যয় হবে।
এর আগে চলতি বছরের বোরো মৌসুমেও অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছিল সরকার। ওই মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ধান প্রতি কেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হয়েছিল।
খাদ্য বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহের পাশাপাশি সরকার চাল ও গম আমদানিও করছে। ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের সংশোধিত ৩৮ লাখ ১৯ হাজার টন থেকে বাড়িয়ে ৪১ লাখ ২৯ হাজার টন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি খাদ্য গুদামের ধারণক্ষমতা ২৪ লাখ ৫০ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
সরকারের খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রমের সঙ্গে বাজারের পরিস্থিতি অনেকটা নির্ভর করে উল্লেখ করে সূত্র বলেছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি ওএমএসের মাধ্যমে চাল বিক্রি অব্যাহত রয়েছে। ফলে একদিকে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, অন্যদিকে ভোক্তাদের জন্য চালের সরবরাহ ও মূল্য সহনীয় রাখা, দুই লক্ষ্য সামনে রেখেই খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সরকার। এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সরকারের গণমুখী কর্মসূচিগুলো চালানো সহজ হয়।












