পুলিশের ভ্যান চুরির ঘটনায় এক এসআইসহ বরখাস্ত ৪ সদস্য

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশ ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়। সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ নভেম্বর দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যানটিনের সামনে থেকে পুলিশের একটি ভ্যান চুরি হয়। খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ। চুরির প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ভ্যানটি আবারও হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেপ্তার